‘পদ্মশ্রী’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে শুভেচ্ছা জানাতে অভিনেতার বাড়িতে হাজির বিজেপি সংসদ

সিনেদুনিয়ায় অসামান্য অবদানের জন্য ‘পদ্মশ্রী’ পাচ্ছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় । সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে সদ্যই বাংলার মেগাস্টারকে পদ্ম সম্মানে ভূষিত করার ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে। সেই প্রেক্ষিতেই ফুলের তোড়া, মিষ্টি-সহযোগে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে শুভেচ্ছা জানাতে শনিবার তাঁর বালিগঞ্জের বাসভবনে পৌঁছে গিয়েছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার । সঙ্গে ছিলেন রাজ্য বিজেপির সাংস্কৃতিক বিভাগের প্রধান তথা অভিনেতা রুদ্রনীল ঘোষও। এদিন অভিনেতাকে উত্তরীয় পরিয়ে সম্মান জানান সুকান্ত মজুমদার । প্রসেনজিতের হাতে তুলে দেন অযোধ্যার রামলালার প্রতিকৃতিও। যদিও ভোটের মুখে তারকার বাড়িতে যাওয়া নিয়ে রাজনৈতিক অভিসন্ধির দাবি করেন একাংশ, তবে উৎসব থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী জানান, “প্রসেনজিৎদার বাড়িতে আসার সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। সব বিষয়ে রাজনীতি ঢোকাতে নেই। যেমন ফিল্ম ইন্ডাস্ট্রিতে রাজনীতি থাকা উচিত নয়। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় পদ্মসম্মান পেয়েছেন, আজ সেই জন্যেই তাঁকে শুভেচ্ছা এবং সংবর্ধনা জানাতে আমরা এখানে এসেছি।” তিনি জানান, “প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বাংলা সিনেমার শ্রীবৃদ্ধি ঘটিয়েছেন। আর সেই অবদানের জন্যেই কেন্দ্রীয় সরকারের তরফে পদ্ম সম্মানে ভূষিত করা হয়েছে তাঁকে।”