দুলাল দে-র ‘ফাঁদ’-এ ইশা-অর্জুন আর সুহোত্র-র ত্রিকোণ প্রেম

বছর দুয়েক বাদে আবারও পরিচালকের আসনে সাংবাদিক-অভিনেতা দুলাল দে। ‘অরণ্যের প্রাচীন প্রবাদ’ সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন ক্রীড়া সাংবাদিক দুলাল দে। তার আগে অবশ্য একুশ সালে দেবের ‘গোলন্দাজ’ সিনেমায় অভিনেতা হিসেবে ধরা দেন। রবিবার আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় ছবির নাম এবং কাস্টিং প্রকাশ্যে আনলেন দুলাল দে। পরিচালক জানালেন, তাঁর নতুন সিনেমার নাম ‘ফাঁদ’। তবে এই ছবিতে খানিক রাজনৈতিক দৃষ্টিকোণ রেখেছেন তিনি। দুলাল বলছেন, “পলিটিক্যাল ড্রামা। বাংলার রাজনৈতিক ইতিহাসের তিন অধ্যায় ফুটে উঠবে ছবিতে। এবং প্রত্যেক চরিত্রের মধ্যেই একাধিক স্তর রয়েছে। যে গল্প কিংবা চরিত্রগুলো আজকের দিনে ভীষণভাবে প্রাসঙ্গিক। আশা করছি, বর্তমান প্রজন্মও আমার এই সিনেমার সঙ্গে একাত্ম হতে পারবে।” আর সিনেপর্দায় বাংলার তিন রাজনৈতিক অধ্যায় ফুটিয়ে তোলার জন্য পরিচালক দারুণ কাস্টিং সাজিয়েছেন। অনির্বাণ চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তী, ইশা সাহা, অর্জুন চক্রবর্তী, সুহোত্র মুখোপাধ্যায়, (আরজে) সায়ন ঘোষ, বুদ্ধদেব ভট্টাচার্যের মতো একঝাঁক দক্ষ অভিনেতাকে দেখা যাবে ‘ফাঁদ’-এ। তবে এখানেই শেষ নয়, শোনা যাচ্ছে  ‘কর্পূর’-এর পর ‘ফাঁদ’ নেতা-অভিনেতা কুণাল ঘোষের তৃতীয় ছবি হতে চলেছে। কানাঘুষো, এবার আর নেতা নয়, পর্দায় দাপুটে পুলিশ আধিকারিকের ভূমিকায় ধরা দেবেন তিনি। অন্যদিকে নেতার ভূমিকায় থাকছেন গোয়েন্দা ‘একেনবাবু’ অনির্বাণ। আর ঋত্বিক চক্রবর্তীকে পাওয়া যাবে ধূসর চরিত্রে। গল্পের ‘অ্যান্টাগনিস্ট’ তিনিই। তবে শুধু রাজনৈতিক চিত্র ফুটিয়ে তুলেই ক্ষান্ত থাকছেন না পরিচালক। জানা গেল, গল্পে ত্রিকোণ প্রেমের দৃষ্টিকোণও রয়েছে। ইশা-অর্জুন আর সুহোত্রকে ঘিরেই আবর্তিত হবে এই ত্রিকোণ প্রেমের গল্প। অতঃপর রাজনীতি আর রোম্যান্স যে মিলেমিশে একাকার হবে, তেমনটা আশা করাই যায়। এদিন ছবির এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুটবলার ব্যারেটো। যেহেতু এই ছবিতে ফুটবলের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, তাই ছবিতে ব্যারেটো থাকছেন কি না সেই প্রসঙ্গ উঠে আসে। এই প্রেক্ষিতে পরিচালক দুলাল দে বলেন “ব্যারেটো কাস্ট নয় তবে কাস্ট হয়ে যেতেই পারে।” ক্যামেরার দায়িত্বে ‘বহুরূপী’, ‘বিজয়নগরের হীরে’ খ্যাত সিনেম্যাটোগ্রাফার ইন্দ্রনাথ মারিক। পরিচালনার পাশাপাশি চিত্রনাট্য-সংলাপের দায়িত্ব সামলেছেন দুলাল দে খোদ। ‘ফাঁদ’-এর সঙ্গীত পরিচালনা করবেন রণজয় ভট্টাচার্য। আগামী মার্চ মাস থেকে কলকাতা এবং শহরতলীর বিভিন্ন লোকেশনে শুটিং হবে।