সৌদির সিনেমায় মারকাটারি অ্যাকশনে সলমন খান ও সঞ্জয় দত্ত

২০২১ সালে মুক্তিপ্রাপ্ত রড্রিগো গুয়েরার পরিচালিত আর্জেন্টিনার সিনেমা ‘সেভেন ডগস’-এর অনুকরণে সৌদিতে তৈরি হয়েছে সিনেমা। রিমেক বললেও অত্যুক্তি হয় না। আর সেই থ্রিলারধর্মী সিনেমাতেই বিশেষ চরিত্রে বলিউড সুপারস্টার সলমন খান । আর গুরুত্বপূর্ণ এক দৃশ্যে ক্যামিও চরিত্রে সঞ্জয় দত্ত । গতবছরই দুবাইতে পুরোদমে শুটিং হয়েছে। সূত্রের খবর, সেখানে মুম্বইয়ের ধারাভি বসতির আদলে বিশাল সেটও তৈরি হয়েছিল। যদিও সঞ্জয়, সলমনের চরিত্র নিয়ে এখনই মুখ খুলতে নারাজ নির্মাতারা, তবে জানা গেল, দুই বলিউড অভিনেতার চরিত্রেই বড়সড় ট্যুইস্ট থাকছে। ট্রেলারে দুই তারকাই মারকাটারি অ্যাকশন অবতারে নজর কাড়লেন। সঞ্জয় দত্ত ধরা দিলেন এক গ্যাংস্টার গোছের চরিত্রে। খানিক কথোপকথনও তুলে ধরা হয়েছে ‘সেভেন ডগস’-এর ট্রেলারে। সৌদির এই সিনেমায় জনপ্রিয় ইজিপশিয়ান সুপারস্টার অ্যাজ ওয়াকারিমও দুই বলিউড তারকার সঙ্গে স্ক্রিনস্পেস শেয়ার করেছেন। ট্রেলারেই বেশ বোঝা গেল, মেগাবাজেটের এই অ্যাকশন থ্রিলার বক্স অফিসে সাড়া ফেলার পাশাপাশি সলমন এবং সঞ্জয় দত্তকেও বিশ্বসিনেমার আঙিনায় নতুন মাইলস্টোন গড়তে সাহায্য করবে। ছবিতে বিশ্বব্যাপী খ্যাতনামা নায়িকা মণিকা বেলুচিও রয়েছেন। এক মাদকচক্র কীভাবে মধ্যপ্রাচ্যে নিজেদের জাল বিস্তার করেছে? সেই গল্পই ‘সেভেন ডগস’ ছবিতে ফুটিয়ে তুলবেন আদিল এল আরবি এবং বিল্লাল ফাল্লাহ নামে দুই পরিচালক। ট্রেলারে সলমন-সঞ্জয়ের মারকাটারি অ্যাকশন অবতার দেখে ভারতীয় দর্শকমহলেও উচ্ছ্বাসের জোয়ার। জানা গেল, চলতি বছরের শেষের দিকে মুক্তি পেতে চলেছে ‘সেভেন ডগস’-এর সৌদি ভার্সন।