ঘোর আইনি বিপাকে মনোজ বাজপেয়ীর আসন্ন সিনেমা ‘ঘুষখোর পণ্ডিত’। ‘পণ্ডিত’-এর আগে ‘ঘুষখোর’ শব্দটি নিয়েই যত বিতর্কের ঝড়। গত বুধবার টিজার প্রকাশ্যে এনে সিনেমার ঘোষণা করার ৪৮ ঘণ্টার মধ্যেই জোড়া মামলার ফলায় বিদ্ধ হন সিনেনির্মাতারা। অভিযোগ, ‘ঘুষখোর পণ্ডিত’ নামে সমূহ ব্রাহ্মণ সম্প্রদায়কে অপমান করা হয়েছে। আর সেই মর্মেই দিল্লি হাইকোর্টে মামলার পর উত্তরপ্রদেশেও আইনি জটিলতায় পড়তে হয় নীরজ পাণ্ডে পরিচালিত সিনেমাকে। কেন্দ্রের কাছেও ‘মুখ পুড়েছে’ নেটফ্লিক্সের! সংশ্লিষ্ট ওটিটি প্ল্যাটফর্মকে ছবির প্রচারঝলক সরানোর নির্দেশ দেওয়া হয় তথ্য সম্প্রচার মন্ত্রকের তরফে। এবার খবর, তুমুল আইনি বিতর্কের জেরে সিনেমার নাম বদলাতে রাজি হয়েছে নেটফ্লিক্স। ছবির নাম নিয়ে চলতি উদ্বেগের আবহে অন্য কোনও শিরোনামে সিনেমাটিকে আনা হবে বলে জানায় নেটফ্লিক্স। যদিও নির্মাতাদের তরফে নতুন কোনও নাম এখনও পর্যন্ত প্রকাশ্যে আনা হয়নি।