‘বর্ডার ২’-এর পর ফের দেশাত্মবোধক ছবিতে সানি

আমিরের প্রযোজনা সংস্থার তরফে ইতিমধ্যেই নতুন ছবি মুক্তির বিষয়ে জানানো হয়েছে, আগামী ১৩ আগস্ট মুক্তি পেতে চলেছে ‘লাহোর ১৯৪৭’ । ভারতের স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড়পর্দায় মুক্তি পাচ্ছে নতুন পিরিয়ড ড্রামা। এই ছবির হাত ধরেই প্রথমবার একসঙ্গে কাজ করছেন সানি দেওল, পরিচালক রাজকুমার সন্তোষী এবং আমির খান। ছবিতে অভিনয় করবেন সানির পাশাপাশি শাবানা আজমি, প্রীতি জিন্টা, করণ দেওল, আলি ফজল। এই ছবির সঙ্গীতের দায়িত্ব সামলাবেন গীতিকার জাভেদ আখতার এবং এ আর রহমান। স্বাধীনতা দিবসের প্রাক্কালে এই ছবি মুক্তি পেলে তা বেশ ভালো ফল করবে বলেই ধারণা করছেন সকলেই। অবশেষে মুক্তি পাচ্ছে সেই ছবি। আমিরের এই ঘোষণার পর থেকেই নতুন ছবিতে সানির দেশপ্রেমগাথা প্রত্যক্ষ করার অপেক্ষায় দিন গুনতে শুরু করেছেন দর্শক। উল্লেখ্য, সাম্প্রতিককালে সানির ‘বর্ডার ২’ পর্দায় বেশ ভালো ফল করেছে। এই ছবির পর ফের একবার দেশাত্মবোধক ছবিতে দেখা যাবে সানিকে। অন্যদিকে ‘গদর ২’ সফল হওয়ার পর বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানের সঙ্গে’লাহোর ১৯৪৭’ ছবির কাজ শুরু করেছিলেন সানি।