মাসি দেবশ্রী রায়ের সঙ্গে কালিঘাটে মায়ের মন্দিরে পুজো দিলেন রানি

কালীঘাটে পুজো দিতে এলেন বলিউড অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ের সঙ্গে দেবশ্রী রায়। বুধবার দুপুরে মাসী-বোনঝি মিলে মায়ের মন্দিরে প্রার্থনা করলেন। এদিন সকালে মুম্বই বিমানবন্দরে শাড়ি-সিঁদুরে দেখা যায় রানিকে। বেলা বাড়তেই সবটা পরিষ্কার হয়ে যায়। কালীঘাটে পুজো দেওয়ার জন্যই এদিন সাতসকালে কলকাতায় উড়ে এসেছেন রানি মুখোপাধ্যায়। এদিন রানিকে দেখা যায় পাটভাঙা ‘চেক’ লাল শাড়িতে। চোখে রোদচশমা। হালকা মেকআপ। আর গালে চওড়া হাসি নিয়েই মাসির সঙ্গে কালীঘাট চত্বরে গল্পে মশগুল দেখা গেল নায়িকাকে। অন্যদিকে দেবশ্রী রায় পরেছেন লালপাড়া সাদা গরদের শাড়ি। হালকা সোনার গয়নায়। দুই অভিনেত্রীকে দেখতে পেয়েই কালীঘাটে চত্বরে ভিড় উপচে পড়ে অনুরাগীদের। রানি মুখোপাধ্যায়ের মা কৃষ্ণা মুখোপাধ্যায় সম্পর্কে দেবশ্রীর নিজের দিদি। রানির বাঙালি শিকড়ও কারও অজানা নয়। ফি বছর বাপের বাড়ি মুখার্জিদের দুর্গাপুজোয় দিন চারেক পুজোর আয়োজন থেকে ভোগ বিতরণ সবেতেই যুক্ত থাকেন অভিনেত্রী। রানি-কাজলের ডাকে বলিপাড়ার সেলেবরাও উপস্থিত হন সেখানে। এবার ‘মর্দানি’ রিলিজের পরই মামাবাড়ি কলকাতায় ছুটে এলেন অভিনেত্রী। তবে তার প্রাক্কালে পুজো দিলেন কালীঘাটে। সম্প্রতি ‘মর্দানি ৩’ ছবি রিলিজ করেছেন রানি মুখোপাধ্যায়। যেখানে নারীপাচার রুখতে দোর্দণ্ডপ্রতাপ পুলিশ অফিসারের ভূমিকায় রণংদেহি মেজাজে নজর কাড়েন অভিনেত্রী। নারী নির্যাতনের বিরুদ্ধে সরব হওয়া সমাজ সচেতনামূলক বার্তায় মোড়া সিনেমা দেখে সিনেমহল থেকে দশর্কমহলও প্রশংসায় পঞ্চমুখ।