দ্বিতীয় বিবাহ বিতর্কে হিরণের আগাম জামিন মঞ্জুর কলকাতা হাইকোর্টের

প্রথম স্ত্রী’র সঙ্গে আইনি বিচ্ছেদ না করেই দ্বিতীয় বিয়ে করে আইনি বিপাকে জড়িয়েছিলেন খড়্গপুরের বিজেপি বিধায়ক তথা অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। জানুয়ারি মাসের শেষের দিকে আগাম জামিন চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন তিনি। এবার সংশ্লিষ্ট মামলায় শর্ত সাপেক্ষে হিরণের জামিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট। বিয়ের খবর প্রকাশ্যে আসার পরই আনন্দপুর থানায় হিরণ্ময় চট্টোপাধ্যায় ও তাঁর দ্বিতীয় স্ত্রী ঋতিকা গিরির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন নেতা-অভিনেতার প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায় এবং তাঁদের মেয়ে নিয়াসা চট্টোপাধ্যায়। সেই অভিযোগের ভিত্তিতেই মামলা রুজু হয়। যে প্রেক্ষিতে চেন্নাই থেকে ফিরেই নতুন বউকে নিয়ে আগাম জামিনের আবেদন করে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন পদ্ম শিবিরের বিধায়ক। জানা যায়, হিরণের আইনজীবী আগাম জামিনের জন্য দ্রুত শুনানির আর্জি জানিয়েছিলেন আদালতে। এবার প্রথম স্ত্রী অনিন্দিতার দায়ের করা মামলায় বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে আগাম জামিন পেলেন হিরন চট্টোপাধ্যায়। তবে একটি শর্তে। প্রতি ১৫ দিন অন্তর একবার করে তদন্তকারী অফিসারের কাছে বিজেপি বিধায়ককে হাজিরা দেওয়ার নির্দেশ দিল উচ্চ আদালত।