রাজপাল যাদবের ৯ কোটির বকেয়া মেটাতে অর্থসাহায্য বি-টাউনের প্রথম সারির অভিনেতাদের

৯ কোটির চেক বাউন্স মামলায় গত বৃহস্পতিবারই আত্মসমর্পণ করেছেন রাজপাল যাদব। ৯ কোটির বকেয়া মেটাতে না পারায় বলিউড অভিনেতার ঠিকানা আপাতত তিহাড় জেল। জেলে যাওয়ার আগে কাতর কণ্ঠে রাজপাল জানিয়েছিলেন, “আমার কোনও বন্ধু নেই, যে বকেয়া টাকা মেটাবে।” একসময়ের খ্যাতনামা কৌতুকাভিনেতা। যিনি অক্ষয় কুমার, সুনীল শেট্টি, গোবিন্দা থেকে সলমন খান, সঞ্জয় দত্তের মতো হিন্দি বিনোদুনিয়ার প্রথম সারির সব তারকাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন, তাঁর এহেন করুণ দশায় কেন কেউ এগিয়ে এলেন না? প্রশ্ন উঠতেই রাজপাল যাদবের পাশে দাঁড়িয়ে বলিউডকে একজোট হওয়ার ডাক দিয়েছিলেন সোনু সুদ। তাতেই সাড়া দিয়ে একে-একে এগিয়ে এলেন অজয় দেবগন, সলমন খান, বরুণ ধাওয়ান-সহ একাধিক তারকা। এপ্রসঙ্গে রাজপালের ম্যানেজার গোল্ডি জানিয়েছেন, “খবর প্রকাশ্যে আসার পর বলিউডের অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। সোনু সুদ, সলমন খান এবং অজয় ​​দেবগনের মতো তারাকারা বলেছেন- ‘পাশে আছি’। এই একটু আগেই পরিচালক ডেভিড ধাওয়ানের সঙ্গে কথা হচ্ছিল। উনিও সাহায্য করতে চেয়েছেন। রতন নৈন, বরুণ ধাওয়ান…অনেকেই ফোন করেছেন আমাকে আর্থিক সাহায্য করবেন বলে। বলিউডের এরকম সাড়ায় মনে বল পেয়েছেন রাজপালও।” গুরু রানধাওয়াও আর্থিক সাহায্য করেছেন। যদিও কোন তারকা কত টাকা দিয়ে সাহায্য করেছেন সেই অঙ্ক ফাঁস করেননি গোল্ডি। তবে হিন্দি সিনেদুনিয়ার তারকাদের এহেন মানবিক উদ্যোগে যে অভিনেতা আপ্লুত, সেকথা জানালেন তিনি।