‘দ্য বিটল্‌স’-এ পণ্ডিত রবি শঙ্করের চরিত্রে অভিনয় করবেন ফারহান আখতার

এবার পর্দায় ফুটে উঠবে সেতার সম্রাট পণ্ডিত রবি শঙ্করের জীবনকাহিনী। রবি শঙ্করের চরিত্রে দেখা যাবে ফারহান আখতারকে। অস্কারজয়ী পরিচালক স্যাম মেন্ডেসের আগামী এই জীবনিচিত্রের নাম ‘দ্য বিটল্‌স’। ফারহানের এই নতুন জার্নি নিয়ে অনেকদিন ধরেই কানাঘুষো শোনা যাচ্ছিল। এবার সেই খবরেই সিলমোহর দিল সোনি পিকচার্স। প্রযোজনা সংস্থার সোশাল মিডিয়া হ্যান্ডেলে ফলাও পোস্টেই এই খবর জানানো হয়েছে। সেখান থেকেই জানা যাচ্ছে, পণ্ডিত রবি শঙ্করের চরিত্রে অভিনয়ের মাধ্যমেই হলিউডে অভিষেক ঘটবে ফারহানের। এটি মূলত বায়োপিক। এই বায়োপিকে তুলে ধরা হবে চারটি আলাদা গল্প। রকব্যান্ড ‘দ্য বিটল্‌স’-এর সঙ্গে রবি শঙ্করের সুসম্পর্কের দিকটি তুলে ধরা হবে। শোনা যায়, এই ব্যান্ডের অন্যতম সদস্য জর্জ হ্যারিসনের সঙ্গে অত্যন্ত সখ্যতা ছিল পণ্ডিত রবি শঙ্করের। এমনকী দু’জনের বন্ধুত্ব নিয়ে একাধিক সাক্ষাৎকারেও মুখ খুলেছেন তিনি। ভাগ করেছেন মঞ্চও। সেই সবকিছুই এবার ফুটে উঠবে পর্দায়। বায়োপিকে ফারহান আখতার ছাড়া আর কোনও ভারতীয় অভিনেতা থাকছেন কিনা তা এখনও জানা যায়নি। তবে হলিউডের একঝাঁক তারকা যে ‘দ্য বিটল্‌স’-এ থাকবেন তা শোনা যাচ্ছে।