প্রেক্ষাগৃহে যখন ‘কাকাবাবু’র চতুর্থ ফ্র্যাঞ্চাইজি ‘বিজয়নগরের হীরে’ রমরমিয়ে চলছে, তার মাঝেই পঞ্চমতম ছবির ঘোষণা করলেন নির্মাতারা। এবার কাশ্মীরে ‘ভয়ংকর সুন্দর’ অভিযানে যাচ্ছেন রাজা রায়চৌধুরী। সিনেমার নাম ‘ভয়ংকর সুন্দর’। পর্দায় ফের ‘কাকাবাবু’ অবতারে প্রত্যাবর্তন ঘটতে চলেছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের। ১৩ ফেব্রুয়ারি, শুক্রবার ‘কাকাবাবু’র পঞ্চম অভিযানের ঘোষণা করলেন নির্মাতারা। এবারও পরিচালনার দায়িত্বে চন্দ্রাশিষ রায়। জানা গেল, এবার এসভিএফ এবং এনআইডিয়াস-এর যৌথ প্রযোজনায় আসছে এই ছবি। এবারও বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় গোয়েন্দা চরিত্রে প্রাণ সঞ্চারের দায়িত্বে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এবং সন্তুর চরিত্রটিও থাকছে ছবিতে। ‘ভয়ংকর সুন্দর’ সিনেমার মিউজিক করছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। এবারের গল্প অজানা কাশ্মীরের প্রেক্ষাপটে। তবে দর্শকদের জন্য যে আরও চমক অপেক্ষা করছে, তা নিশ্চিত। যা ক্রমশ প্রকাশ্য। প্রসেনজিৎ জানান, “কাকাবাবু শুধুই একটি চরিত্র নয়, বরং ইমোশন, যা প্রজন্মের পর প্রজন্মকে কানেক্ট করেছে। চতুর্থ ছবিটা যে ভালোবাসা পেয়েছে, আমরা আপ্লুত। দর্শকের মাঝে নতুন ‘কাকাবাবু’ ছবির ঘোষণা তাই আরও স্পেশাল। এটা সকলের উদযাপন, প্রত্যেক ছবিতে যেন আমরা সুনীল গঙ্গোপাধ্যায়ের সৃষ্টির সেই পরম্পরা এগিয়ে নিয়ে যেতে পারি, যা আজও প্রাসঙ্গিক।” ২০২৭ সালে ‘ভয়ংকর সুন্দর’ ছবিটির মুক্তির পরিকল্পনা করেছেন নির্মাতারা।