প্রকাশ্যে ‘ঠাকুমার ঝুলি’তে শ্রাবন্তীর লুক

পরিচালক অয়ন চক্রবর্তীর হাত ধরে আসছে নতুন ওয়েব সিরিজ ‘ঠাকুমার ঝুলি’ ৷ যেখানে একেবারে নতুন ইমেজে এবার দর্শকের দরবারে আসছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় ৷ এই সিরিজের মাধ্যমেই ওয়েবে পা রাখছেন শ্রাবন্তী ৷ হাজির হয়েছে অভিনেত্রীর নতুন চরিত্রের লুক ৷ প্রযোজনা সংস্থার তরফে জানানো হয়েছে ‘ঠাকুমার ঝুলি’ মূলত গোয়েন্দা কাহিনি ৷ শ্রাবন্তীর চরিত্রের নাম গিরিজাবালা সান্যাল ৷ ষাটোর্ধ্ব ঠাকুমার বসবাস বিষ্ণুপুরে ৷ অল্প বয়সে বিধবা ৷ নিজের মতো করে জীবনকে দেখে ৷ নিজের মতো জীবন কাটায়৷ তীক্ষ্ণ দৃষ্টি আর বুদ্ধিমত্তা তার চলার পথের অস্ত্র ৷ বাড়িতে তিনটি পোষ্য বেড়াল নিয়ে থাকে গিরিজাবালা সান্যাল । এরই মাঝে বন্ধুর বিয়ে উপলক্ষে বিদেশ থেকে আসে গিরিজার নাতনি যাজ্ঞসেনী ৷ এই চরিত্রে অভিনয় করেছেন ‘ফুলকি’ ধারাবাহিক খ্যাত অভিনেত্রী দিব্যাণী মণ্ডল ৷ বিষ্ণুপুরের রাজনৈতিক প্রভাবশালী পরিবারের সেই বিয়েবাড়িতেই ঘটে যায় মৃত্যুর ঘটনা ৷ এই মৃত্যুকে ঘিরে সন্দেহ দানা বাঁধে গিরিজাবালা দেবীর মনে। নিজের মতী করে এই মৃত্যুর তদন্ত করতে থাকেন তিনি। আর তাকে সাহায্য করে নাতনি যাজ্ঞসেনী ৷ সে একজন ক্রিমিনাল সাইকোলজির ছাত্রী । এই ঠাকুমা-নাতনি জুটির গোয়েন্দাগিরি এই মৃত্যু রহস্য ভেদ করতে পারে কিনা সেটাই এখন দেখার।