‘বাফটা ২০২৬’ (ব্রিটিশ অ্যাকাডেমি ফিল্ম অ্যাওয়ার্ড)র মঞ্চে এবার উপস্থাপিকার ভূমিকা পালন করতে চলেছেন আলিয়া ভাট। এর আগে ২০২১ সালে ‘বাফটা’-এর মঞ্চে উপস্থাপিকা হিসেবে ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া, ২০২৪ সালে উপস্থাপিকার দায়িত্ব পেয়েছিলেন ভারতীয় বিনোদুনিয়া থেকে দীপিকা পাড়ুকোন। আর এবার ‘ব্যাটন’ হাতবদল হয়ে সেই দায়িত্বই পেতে চলেছেন আলিয়া ভাট। ৭৯তম ব্রিটিশ অ্যাকাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেতা-অভিনেত্রী ও পরিচালকদের সঙ্গে মঞ্চ ভাগ করে নেবেন আলিয়া। ইতিমধ্যেই এই খবর আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে দ্য ব্রিটিশ অ্যাকাডেমির তরফে। এই মঞ্চ থেকে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন আলিয়া। ওই একই মঞ্চে কেট হাডসন, স্যাডি সিঙ্কের মতো হেভিওয়েটদের সঙ্গে তাঁর মঞ্চ ভাগ করে নেওয়ার মতো বিষয় যে এদেশের বিনোদুনিয়ার জন্য অত্যন্ত গর্বের কারণ হয়ে দাঁড়াবে তা বলাই বাহুল্য। আগামী ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ‘ব্রিটিশ অ্যাকাডেমি ফিল্ম অ্যাওয়ার্ড’ বা ‘বাফটা ২০২৬’। উল্লেখ্য, এর আগে ‘মেট গালা’ ও কান চলচ্চিত্র উৎসবের দরবারেও সকলের নজর কেড়েছেন আলিয়া।