কয়েক দিন আগেই বিজয় দেবরাকোন্ডা ও রশ্মিকা মন্দানার বিয়ের আমন্ত্রণপত্র ফাঁস হয়েছিল। যা দেখার পর বিয়ের জল্পনায় সিলমোহর পড়ে। তাদের বিয়ের প্রস্তুতি যে তুঙ্গে তা আরু একবার বোঝা গেল বিজয়ের বাড়ির আলোকসজ্জা দেখে। পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়ল হবু বরের আলোকময় বাড়ির ছবি। যা বিয়ের চর্চায় ঘৃতাহুতি দিয়েছে। সোশাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে বিজয়ের বাড়ির বাইরে থেকে তোলা সেই ভিডিও। আলোর রোশনাই সঙ্গে অন্যান্য সাজসজ্জা বলে দিচ্ছে বিয়ের সানাই বাজলো বলে। এখানেই শেষ নয়, এসবের মাঝেই চর্চিত জুটিকে হায়দরাবাদ বিমানবন্দরেও দেখা গিয়েছে একসঙ্গে। কয়েকদিন আগে একসঙ্গে শহর ছেড়েছিলেন তাঁরা। তখন শোনা গিয়েছিল যে উদয়পুরে বিয়ের তোরজোড় ঠিক কতটা তা দেখতেই নাকি একসঙ্গে শহরের বাইরে গিয়েছিলেন তাঁরা। শেষমুহূর্তে বিয়ের প্রস্তুতিপর্ব একপ্রস্থ সামলেই উদয়পুর থেকে তাঁরা দু’জন ফিরেছেন বলেই গুঞ্জন। যদিও এই নিয়ে পাত্র-পাত্রী কেউই মুখ খোলেননি। নিজেদের ‘বিগ ডে’র আগে হেয়ারস্টাইলও পালটে ফেলেছেন বিজয়। চরিত্রের জন্য রাখা বড় চুল কেটে ফিরেছেন আগের অবতারেই। গুঞ্জন ২৬ ফেব্রুয়ারি বিয়ে সারার পর ৪ মার্চ হায়দরাবাদে বসবে বিজয়-রশ্মিকার তারকাখচিত রিসেপশনের অনুষ্ঠান।