জীবনের নতুন ইনিংস শুরু করেই এবার ‘প্রথম প্রেমের’ কাছে ফিরলেন অভিনেত্রী শ্যামৌপ্তি মুদলি। ১৪ ফেব্রুয়ারি ভালোবাসার মানুষ রণজয় বিষ্ণুর সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছেন অভিনেত্রী। বিয়ের ছয় দিনের মাথায় যোগ দিলেন প্রথম ফিচার ফিল্ম ‘ফুল পিসি ও এডওয়ার্ড’-এর কাজে। রণজয়-শ্যামৌপ্তির বিয়ের দিন সকালেই অভিনেত্রীর সিনেমার লুক প্রকাশ্যে আনেন পরিচালক-প্রযোজক শিবপ্রসাদ মুখোপাধ্যায়। শুভেচ্ছাবার্তাতেই কনে লুকে ধরা দিয়েছিলেন শ্যামৌপ্তি। এবার বিয়ের দিন পাঁচেক বাদে সোজা উইন্ডোজ প্রযোজনা সংস্থার অফিসে পৌঁছলেন প্রথম সিনেমার কাজে। ‘ফুল পিসি ও এডওয়ার্ড’-এর শুটিং শেষ। আপাতত ডাবিং চলছে। বিয়ের দিন দুয়েক আগেও ডাবিংয়ের কাজ করেছেন অভিনেত্রী। এবার বাকিটা সারার পালা। সেই প্রেক্ষিতেই বৃহস্পতিবার বিকেলে দক্ষিণ কলকাতায় প্রযোজনা সংস্থার অফিসে পৌঁছন শ্যামৌপ্তি।