গত ১৭ ফেব্রুয়ারি মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হন চিত্রনাট্যকার সেলিম খান। হাসপাতালে ভর্তির পর অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ভেন্টিলেটরে রাখা হয়। যদিও পরে তাঁকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়। এহেন অবস্থায় কিংবদন্তি চিত্রনাট্যকারকে দেখতে হাসপাতালে এসেছেন জাভেদ আখতার, সঞ্জয় দত্ত থেকে বলিউডের অনেকেই। এবার সেলিম খানকে হাসপাতালে দেখতে এলেন খোদ শাহরুখ খান। শনিবার রাতেই নবতিপর চিত্রনাট্যের স্বাস্থ্যের খোঁজ নিতে যান তিনি। সেইসময় হাসপাতালের অন্দরে খান পরিবারের প্রায় সকলেই উপস্থিত ছিলেন। শোনা যাচ্ছে সলমন, আরবাজ, সোহেল ও আলভিরার সঙ্গে কথাও বলেন এদিন শাহরুখ। উল্লেখ্য, এর আগে এক সাক্ষাৎকারে শাহরুখ জানিয়েছিলেন বলিউডের বাদশা হয়ে ওঠার পিছনে সেলিম খানের ঠিক কতটা অবদান। দিল্লি থেকে মুম্বই আসা শাহরুখ আশ্রয় পেয়েছিলেন সেলিম খানের কাছে। তাঁর বাড়িতে থাকতেন, খাওয়াদাওয়া করতেন। এমনকী তাঁর কেরিয়ার গড়ে তোলার ক্ষেত্রে সেলিম খান উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছিলেন। সেই সব কিছু আজও মনে রেখেছেন শাহরুখ। আজও যে তিনি কৃতজ্ঞ সেলিম খানের কাছে তা স্বীকার করে নিয়ে বলেছেন, “আজ আমি যা সবকিছু সেলিম খান ও তাঁর পরিবারের জন্য। আমার নিজেকে প্রতিষ্ঠা করার পেছনে তাঁর অবদান অনস্বীকার্য।”