চার দশক ফের এক ফ্রেমে ধরা দিতে চলেছেন দক্ষিণ ভারতীয় সিনেমার দুই মহাতারকা রজনীকান্ত এবং কমল হাসান। শেষবার তাঁদের একসঙ্গে বড় পর্দায় দেখা গিয়েছিল ১৯৮৫ সালে। বলিউডের ছবি ‘গিরফতার’-এ তাঁদের সঙ্গে ছিলেন অমিতাভ বচ্চন-ও। দীর্ঘ এই অপেক্ষার পর অবশেষে তাঁদের নতুন প্রোজেক্ট ‘কেএইচxআরকে’-তে স্ত্রিন শেয়ার করতে চলেছেন দুই মহাতারকা। সামনে এসেছে এই ছবির প্রোমো। এই ছবির পরিচালনায় রয়েছেন ‘জেলার’খ্যাত নেলসন দিলীপ কুমার এবং সুরকার হিসেবে দায়িত্বে রয়েছেন জনপ্রিয় সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দর। ইতিমধ্যেই প্রকাশ্যে আসা প্রোমো মন জয় করে নিয়েছে দর্শকদের। এখন থেকেই শুরু হয়েছে ছবির মুক্তির অপেক্ষা। প্রোমোর শুরুতেই দেখা যায় নেলসন ও অনিরুদ্ধকে। ছবির সুর নিয়ে গভীর চিন্তায় মগ্ন অনিরুদ্ধ—কোন রাগ ব্যবহার করবেন, তা নিয়ে ভাবছেন তিনি। কিন্তু নেলসন প্রথমে ভুল করে মনে করেন, অনিরুদ্ধ নায়িকা নির্বাচন নিয়ে চিন্তিত। এরপর অনিরুদ্ধ তাঁর দুই আঙুলের মধ্যে একটি বেছে নিতে বলেন—যার মাধ্যমে ঠিক হবে সুরের রাগ। এই ভাবনাই পছন্দ হয়ে যায় নেলসনের। তিনিও একইভাবে দুই আঙুলের দিকে তাকিয়ে ছবির দুই নায়ককে কল্পনা করতে থাকেন। এরপরই বদলে যায় আবহ। চমক দিয়ে রেট্রো লুকে আবির্ভূত হন রজনীকান্ত ও কমল হাসান। একটি গ্যারেজের ভিতর দিয়ে হেঁটে আসতে দেখা যায় তাঁদের। চারপাশে সুন্দরী, স্বল্পবেশী নারীদের ভিড়। এরপর তাঁরা একটি গাড়িতে ওঠেন। চালকের আসনে বসেন কমল হাসান। পিছনের আসনে জায়গা নেন নেলসন ও অনিরুদ্ধ। তাঁরা যখন ছবির সুর নিয়ে আলোচনা শুরু করেন, তখন কমল হাসান স্পষ্ট প্রশ্ন ছুঁড়ে দেন—“আগে আমার প্রশ্নের উত্তর দিন, ছবির নায়ক কে?” একই প্রশ্ন পুনরাবৃত্তি করেন রজনীকান্তও। জানা গেছে, ‘কেএইচxআরকে’ ছবির আসল নাম নয়, এটি আপাতত প্রোজেক্টের নাম। সময়ের সঙ্গে ছবির চূড়ান্ত নাম ঘোষণা করা হবে। এখন সেই ঘোষণার অপেক্ষায় রয়েছেন ভক্তরা।