ভক্তদের দেওয়া ‘বিরোশ’ নামেই ছাঁদনাতলায় বিজয়-রশ্মিকা

 বিজয় দেবেরাকোন্ডা এবং রশ্মিকা মন্দানাকে মিলিয়ে ভক্তদের দেওয়া নাম ‘বিরোশ’কে আপন করে আগামী ২৬ ফেব্রুয়ারি ছাঁদনাতলায় বসছেন দক্ষিণী লাভ বার্ডস। বিয়ের প্রাক্কালে সোমবার সকালেই হবু তারকাদম্পতিকে বিমানবন্দরে রং মিলান্তি পোশাকে দেখা যায়। খবর, বিয়ের অনুষ্ঠানের জন্য ইতিমধ্যেই তাঁরা উদয়পুরে পৌঁছে গিয়েছেন। তার প্রাক্কালে রবিবাসরীয় রাতে সোশাল মিডিয়া বার্তায় অনুরাগীদের প্রিয় জুটি ‘বিরোশ’ জানান, “আমরা নিজেরা কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে বা পরিকল্পনা করার আগেই তোমরা খুব ভালোবাসে আমাদের একটি নাম দিয়েছিলে- ‘বিরোশ’। তাই আজ পূর্ণ হৃদয়ে তোমাদের উৎসর্গ করেই আমরা নতুন পথচলা শুরু করছি। আমাদের বিয়ের এই অনুষ্ঠানের নাম দিচ্ছি- ‘দ্য ওয়েডিং অফ বিরোশ’। আমাদের এতটা ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা সবসময়ে আমাদের এই প্রেমসফরের অংশ ছিলে, থাকবেও। সকলকে ভালোবাসা, আলিঙ্গন।” আগামী ৪ মার্চ হায়দরাবাদে বিজয়-রশ্মিকার তারকাখচিত হাইভোল্টেজ রিসেপশনের অনুষ্ঠান রয়েছে। যেখানে বলিউডের পাশাপাশি দক্ষিণী তারকারাও আমন্ত্রিত। কানাঘুষো, বিজয় দেবেরাকোন্ডা এবং রশ্মিকা মন্দানার রিসেপশনে উপস্থিত থাকতে পারেন আল্লু অর্জুন, রামচরণ, রাজামৌলি, প্রভাসদের পাশাপাশি হিন্দি সিনেদুনিয়ার খান-কাপুর, বচ্চনরাও। দিন কয়েক আগেই উদয়পুরের এক হেরিটজ রাজপ্রাসাদ থেকে ভাইরাল এক ভিডিওয় জমকালো বিয়ের আসরের ঝলক দেখা গিয়েছিল। লাল রঙের ভেলভেট কাপড়, রকমারি ফুল, সারি সারি পিতলের নানা মূর্তি ছিল সেখানে। তড়িৎকর্মা ইভেন্ট উদ্যোক্তাদের শশব্যস্ততাই বলে দেয় শেষমুহূর্তের প্রস্তুতি একেবারে তুঙ্গে।