সাহেবকে নতুন ধারাবাহিকের শুভেচ্ছা সুস্মিতার

প্রকাশ্যে সাহেবকে ‘হিরো’ সম্বোধন সুস্মিতার। প্রেমের গুঞ্জনে সিলমোহর না দিলেও বিভিন্ন সময় ইঙ্গিতপূর্ণ পোস্টে প্রেমের গুঞ্জন নিজেরাই উসকে দিয়েছেন তাঁরা। এবারও তার অন্যথা হল না। সাহেবকে আদুরে পোস্টে তাঁর নতুন সিরিয়ালের জন্য শুভেচ্ছায় ভরালেন সুস্মিতা। কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল, ‘কথা’ ধারাবাহিক শেষে ফের টেলিপর্দায় ফিরছেন সাহেব। এবার হিয়া মুখোপাধ্যায়ের সঙ্গে নতুন ধারাবাহিকে জুটি বাঁধছেন অভিনেতা। নতুন ধারাবাহিকের নাম ‘গঙ্গা’।  এই ধারাবাহিক পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে সাহেব ভট্টাচার্যকে। তাঁর চরিত্রের নাম ‘অর্জুন’। অন্যদিকে তাঁর বিপরীতে রয়েছেন হিয়া, তাঁর চরিত্রের নাম গঙ্গা। পার্শ্বচরিত্রে দেখা যাবে কৌশাম্বী চক্রবর্তীকে।  সোমবার প্রকাশ্যে এসেছে সেই ধারাবাহিকেরই প্রোমো। যা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে সাহেবের উদ্দেশ্যে ক্যাপশনে সুস্মিতা লিখেছেন, ‘আমার হিরো’। সেই পোস্টে ট্যাগ করেছেন সাহেবকে। নতুন ধারাবাহিকের জন্য সাহেবকে শুভেচ্ছা জানিয়ে প্রেমের গুঞ্জনই ফের উসকে দিলেন সুস্মিতা সে বিষয়ে কোনও সন্দেহ নেই নেটিজেনদের।