‘দ্য কেরালা স্টোরি ২’-এর মুক্তিতে স্থগিতাদেশ তুলে নিল কেরল হাইকোর্ট। শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ছবি মুক্তির কথা ছিল। মুক্তির আগে থেকেই একাধিক বিতর্কে জড়িয়েছিল এই ছবি। এবার জটিলতা কাটিয়ে মুক্তি পেতে চলেছে এই ছবি। উল্লেখ্য, বৃহস্পতিবার ছবির মুক্তিতে স্থগিতাদেশ দেন বিচারপতি বেচু কুরিয়ান টমাস। প্রশ্ন তোলেন সেন্সর বোর্ডের ভূমিকা নিয়েও। নিয়ম মেনে কাজ করেনি সেন্সর বোর্ড এই মর্মে তিনি ক্ষোভ প্রকাশও করেন। এহেন পরিস্থিতিতে হাই কোর্টের উচ্চতর বেঞ্চের দ্বারস্থ হন ছবির নির্মাতারা। এবার বিচারপতি এসএ ধর্মাধিকারী ও পিভি বালাকৃষ্ণনের ডিভিশন বেঞ্চ বিচারপতি বেচু কুরিয়ান থমাসের আদেশ বাতিল করে দেন। একইসঙ্গে জানানো হয় সেন্সরের ছাড়পত্রপ্রাপ্ত এই ছবির মুক্তি স্থগিত রাখার কোনও প্রয়োজন নেই। শুক্রবার, বিকেল ৪টেয় এই স্থগিতাদেশ তুলে নেয় কেরল হাই কোর্ট। আইনি জটিলতার কারণে ২৭ ফেব্রুয়ারি ‘দ্য কেরালা স্টোরি ২’ মুক্তির কথা থাকলেও তা হয়নি। এই ছবি মুক্তির পাবে নতুন দিনক্ষণ আলোচনার পর জানাবেন নির্মাতারা।