যুদ্ধ আবহে ছেলে ইউভানকে নিয়ে দুবাইয়ে আটকে শুভশ্রী

শনিবার ইজরায়েল এবং আমেরিকার হামলার পর ইরানের পাল্টা আক্রমণের জেরে বিমান চলাচল ব্যাহত হয়। সেই প্রভাবেই দুবাই বিমানবন্দরের কোনও রকম বিমান ওঠানামা হচ্ছে না। সাময়িক ভাবে বন্ধ করা হয়েছে বিমান চলাচল। এই পরিস্থিতিতে দুবাইয়ে রয়েছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। অভিনেত্রী একা নন, শুভশ্রীর সঙ্গে রয়েছে ছেলে ইউভানও। সূত্রের খবর, ইউভানকে সঙ্গে নিয়ে দুবাইয়ে বেড়াতে গিয়েছেন শুভশ্রী। আজকালের মধ্যেই কলকাতায় ফিরে আসার কথা ছিল তাঁদের। তবে এমন ঘটনা ঘটে যাবে, কে জানত। জানা গিয়েছে, দুবাইয়ে পৌঁছনোর পরেই কয়েক মুহূর্ত পরেই বদলে যায় পরিস্থিতি। তবে দুবাইয়ে রাজ-শুভশ্রীর চেনা-পরিচিতি আছে অনেকেই। তাঁরাই নাকি আপাতত খেয়াল রাখছেন শুভশ্রী এবং ইউভানের। আপাতত হোটেলে আছেন শুভশ্রী-ইউভান। কলকাতায় রাজের কাছে রয়েছে ইয়ালিনী। নায়িকার ঘনিষ্ঠবৃত্ত সূত্রে খবর, ইতিমধ্যে শুভশ্রী এবং ইউভানকে দ্রুত কলকাতায় ফেরানো নিয়ে ভাবনাচিন্তা চলছে। তবে এখনই সে ভাবে সরকারি সাহায্যের কথা ভাবছেন না পরিচালক-বিধায়ক। পরিচালকের বিশ্বাস, খুব শীঘ্রই পরিস্থিতি শান্ত হয়ে যাবে। ফলে স্বাভাবিক ভাবেই স্ত্রী এবং সন্তান দেশে ফিরে আসবে, সেটাই আশা করছেন তিনি।