দুবাইয়ে আটকে থাকা সকলকে বিনামূল্যে আস্তানার আশ্বাস দিলেন সোনু সুদ

এবার যুদ্ধের কারণে দুবাইয়ে আটকে থাকা পর্যটকদের পাশে সোনু সুদ। ভিডিও বার্তায় তিনি জানালেন, যারা আটকে পড়েছেন তাঁদের সকলের বিনামূল্যে থাকার ব্যবস্থা করা হবে তাঁর তরফে। সেখানে তিনি সাফ জানিয়েছেন, আটকে পড়া পর্যটক যে দেশের বাসিন্দাই হন না কেন, মানবিকতার খাতিরে সকলকে সহযোগিতা করা হবে। তার জন্য শুধু মাত্র সমস্যার কথা পৌঁছতে হবে অভিনেতা পর্যন্ত। উল্লেখ্য, করোনাকালে হোক বা পাঞ্জাবের বন্যার সময় সব ক্ষেত্রেই মানুষের পাশে দাঁড়িয়েছেন সোনু। এবারেও তার অন্যথা হল না। ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়ে অভিনেতা বলেন, “আমাদের হিন্দুস্তানি ভাইরা, বা যে দেশের নাগরিকরাই দুবাইয়ে আটকে পড়েছেন তাঁরা দয়া করে আমাকে মেসেজ করুন। আমি আপনাদের বিনামূল্যে থাকার ব্যবস্থা করব যতক্ষণ না বাড়ি ফিরতে পারছেন।”