চলতি মার্চেই অনুষ্ঠিত হতে চলেছে ৯৮তম অস্কার। আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। আন্তর্জাতিক সিনেমহলের ঐতিহ্যবাহী এই পুরস্কার প্রদান অনুষ্ঠানের জন্য ইতিমধ্যেই কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে পশ্চিমী বিনোদুনিয়া। আর সেই অনুষ্ঠানেই গুরুভার বর্তেছে প্রিয়াঙ্কা চোপড়ার উপর। খবর, রবার্ট ডাউনি জুনিয়র, অ্যান হ্যাথওয়েদের মতো কিংবদন্তি হলিউড তারকাদের সঙ্গে এবারের অ্যাকাডেমি অ্যাওয়ার্ড উপস্থাপনার দায়িত্বে ‘দেশি গার্ল’। সম্প্রতি গোল্ডেন গ্লোবের মঞ্চে সঞ্চালক হিসেবে দ্যুতি ছড়িয়েছেন প্রিয়াঙ্কা। উপরন্তু সদ্য মুক্তিপ্রাপ্ত ‘দ্য ব্লাফ’-এ জলদস্যু অবতারে যেভাবে বিশ্বজুড়ে শোরগোল ফেলে দিয়েছেন অভিনেত্রী, এমন আবহে অস্কারের সঞ্চালক হিসেবে দেশি গার্ল-এর নাম ঘোষণা হওয়ায় যে ভক্তশিবিরে অতিরিক্ত উন্মাদনার পারদ চড়াল, তা বলাই বাহুল্য। অতঃপর প্রিয়াঙ্কা যে বর্তমানে প্রকৃত অর্থে ‘গ্লোবাল আইকন’ হয়ে উঠেছেন, তা বলাই বাহুল্য। শুক্রবার ভোররাতে অ্যাকাডেমি অ্যাওয়ার্ড কর্তৃপক্ষের তরফে তারকা সঞ্চালকদের তালিকা প্রকাশ্যে আনা হয়েছে। চলতিবারে অস্কার অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে একঝাঁক হাইপ্রোফাইল সেলেবদের দেখা যাবে। সেই তালিকাতেই রবার্ট ডাউনি জুনিয়র, অ্যান হ্যাথওয়ে, উইল আর্নেট, পল ম্যাসকালের সঙ্গে জ্বলজ্বল করছে প্রিয়াঙ্কা চোপড়ার নাম। যা নিঃসন্দেহে ভারতের জন্য গর্বের বিষয়। উল্লেখ্য, হলিউড ইনিংস শুরুয়াতের গোড়ার দিকেও অস্কারের মঞ্চে এর আগেও উপস্থাপনার দায়িত্ব সামলেছেন দেশি গার্ল। বিগত নয় বছরে পশ্চিমী সিনেদুনিয়ার জমিতে নিজের পায়ের তলার মাটি বেশ শক্ত করেছেন নায়িকা।