আসছে রণবীর সিংয়ের ‘ধুরন্ধর রিভেঞ্জ’ ট্রেলার

প্রতীক্ষার অবসান ৷ শুক্রবার রণবীর সিং জানিয়ে দিলেন, কবে আসছে বহু প্রতীক্ষিত  ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর ট্রেলার ৷ 19 মার্চ বড়পর্দায় আসছে আদিত্য ধরের ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ ৷ টিজারে কাহিনি ঝলক দেখে অনুমান করাই যায়, এবার গেম চেঞ্জার হতে চলেছেন রণবীর সিং ৷ হামজা আলি মাজারির রূপ দেখেছেন সকলেই ৷ এবার রণবীরের নতুন রূপ, জসকিরাত সিং রঙ্গির সঙ্গে পরিচয় হবে দর্শকদের ৷ কবে আসবে ট্রেলার, তা জানার জন্য মুখিয়ে ছিলেন অনুরাগীরা ৷ এবার প্রতীক্ষা শেষ হতে চলেছে। এই দিন রণবীর সোশাল মিডিয়ায় লেখেন, “প্রস্তুত থাকুন ৷ আগামীকাল অর্থাৎ 7 তারিখ ঠিক বেলা 11টা বেজে 1 মিনিটে আসবে ধুরন্ধর 2 ট্রেলার ৷” এরপর হ্যাশট্যাগ দিয়ে লেখা হয়, 19 মার্চ ধুরন্ধর 2 বিশ্বজুড়ে মুক্তি পাবে হিন্দি, তামিল, তেলুগু, কন্নড় ও মালায়লম ভাষায় ৷ এর আগে সিনেমার টিজার মুগ্ধ করেছে দর্শকদের ৷ রণবীরের যুবক বয়সের লুক, হিংস্রতা তাক লাগানোর মতো ৷ রণবীর সিং, অর্জুন রামপাল, সঞ্জয় দত্ত, আর. মাধবন, সারা অর্জুন, রাকেশ বেদী, ড্যানিশ পান্ডোর এবং গৌরব গেরা এবং বেশ কয়েকজন সহ-অভিনেতারা ফের চমকে দিতে প্রস্তুত ৷ এর আগে, 5 ডিসেম্বর মুক্তি পাওয়া ধুরন্ধর বক্সঅফিসে সাফল্যের বন্যা বইয়ে দেয় ৷ বিশেষ করে, নজর কেড়ে নেন অক্ষয় খান্না ৷ মনে করা হচ্ছে, এই সিনেমাতেও, অভিনেতাকে অতীত ঝলক হিসাবে ফের দেখা যাবে পর্দায় ৷