নারী দিবসে প্রকাশ্যে পর্দার করিমুল হকের ‘স্ত্রী’ রুক্মিণীর ফার্স্ট লুক

আন্তর্জাতিক নারী দিবসের সকালে প্রকাশ্যে এল ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’ ছবিতে রুক্মিণী মৈত্রের ফার্স্ট লুক। ৮ মার্চ, রবিবার আন্তর্জাতিক নারী দিবসে, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এর অফিসিয়াল সোশাল মিডিয়া হ্যান্ডেলে প্রকাশ্যে আনা হয় রুক্মিণীর ফার্স্ট লুক। পর্দার করিমুল হকের স্ত্রী’র চরিত্রে দেখা যাবে রুক্মিণীকে। তাঁর চরিত্রের নাম ‘অঞ্জু’। সঙ্গে এই পোস্টের ক্যাপশনে লেখা,’অঞ্জু, করিমুল হকের স্ত্রী। এক নিবেদিত প্রাণ। যার সমর্থন, নিঃশব্দ অবদান এমন এক মানুষকে সকলের দরবারে পরিচিত করেছে।’ সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে আন্তর্জাতিক নারী দিবসের বার্তাও। উল্লেখ্য দোলের ঠিক আগের দিনই উত্তরবঙ্গে এই ছবির শুটিং শেষ করেছেন দেব। গত ১৩ ফেব্রুয়ারি কলকাতায় ছবির মহরৎ সারার পর ১৫ ফেব্রুয়ারি থেকে উত্তরবঙ্গে শুরু হয়েছিল শুটিং। এই ছবির সুবাদেই পদ্মশ্রী প্রাপ্ত করিমুল হকের জীবনী ফুটে উঠবে পর্দায়। দেবের ফিল্মি কেরিয়ারের পঞ্চাশতম ছবি এটি।