ফের ফিরছেন সোশাল মিডিয়ায়। এমনটাই জানালেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়িকা ইমন চক্রবর্তী। দিন কয়েকআগে ট্রোলিংয়ের শিকার হয়ে সোশাল মিডিয়া ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী। সাফ জানিয়েছিলেন, কাজ সংক্রান্ত ছাড়া আর কোনও পোস্ট করা হবে না তাঁর পেজ থেকে। জানতে পেরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, “আনসোশাল লোকেদের জন্য তুমি সোশাল মিডিয়া কেন ছাড়বে? আরও বেশি করে ধরো।” মুখ্যমন্ত্রীর এই বক্তব্যই কাজ করেছে ওষুধের মতো। রাতারাতি সিদ্ধান্ত বদল করে সোশ্যাল মিডিয়ায় ফেরার কথা জানান ইমন। সম্প্রতি মায়ের মৃত্যুদিনে একটি ছবি পোস্ট করেছিলেন গায়িকা। স্বাভাবিকভাবেই তাতে অনেকে কমেন্ট করেন। সেখানেই একজন লেখেন, “মাকে ডেকে দেখান, কীভাবে পাঁচালি গেয়ে, চটি চেটে কেমন বঙ্গবিভূষণ পেয়েছেন। এরপর নোবেলও পাবেন।” এই কমেন্টেই কার্যত ভেঙে পড়েন ইমন। এই বিষয়েই ফেসবুক লাইভ করেন গায়িকা। গোটা বিষয়টা সকলের সামনে তুলে ধরে বলেন, “আমি সব রকমের গান গেয়েছি। পাঁচালিও। তাতে আমার কোনও সমস্যা নেই, আমার পরিবারের কারও সমস্যা নেই। তাহলে আপনার কীসের সমস্যা?” তাতেই মানসিকভাবে ভেঙে পড়েন গায়িকা। ফেসবুক লাইভে ইমন জানান, লাগাতার আক্রমণাত্মক কমেন্টে তিনি মানসিকভাবে ভেঙে পড়ছেন। সেই কারণেই সিদ্ধান্ত নিয়েছেন সোশাল মিডিয়া ছাড়বেন তিনি। আর কোনও ব্যক্তিগত পোস্ট তিনি করবেন না। এরপরই একটি সংবাদমাধ্যমের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে মুখোমুখি হন ইমন। সেখানেই মমতা বলেন, “ইমনকে খুব বাজে ভাবে ট্রোল করা হয়েছে। সেদিন ওঁর মায়ের মৃত্যুবার্ষিকী ছিল।” এরপরই তিনি ইমনকে উদ্দেশ্য করে বলেন, “কেন ছাড়াবে? বেশি করে ধরো। আনসোশাল লোকেদের জন্য তুমি সোশাল মিডিয়া কেন ছাড়বে?” এরপরই ইমন বললেন, “খুব কষ্ট পেয়েছিলাম। মন খারাপ কাটতে একটু সময় লাগবে। তবে দিদির কথা শিরোধার্ষ। আমি ব্যক্তিগতভাবে ওনাকে ভীষণ ভালোবাসি। আমি খুব শীঘ্রই সোশাল মিডিয়ায় ফিরব।”