পপ-তারকা রিহানার বাড়ি লক্ষ্য করে গুলি

আচমকা আততায়ী হামলা হলিউডের জনপ্রিয় পপ-তারকা রিহানার বাড়িতে। লস অ্যাঞ্জেলেসের পুলিশ সূত্রে খবর, ৮ মার্চ স্থানীয় সময় দুপুর সোয়া ১টা নাগাদ তারকার বেভারলি হিল্‌সের বাড়ি লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়। খবর পেয়েই ছুটে আসে পুলিশ। এই ঘটনায় গায়িকা ভীষণভাবে আতঙ্কিত হয়ে পড়েছেন। জানা গিয়েছে, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস-এর বেভারলি হিলস এলাকায় অবস্থিত রিহানার বাড়ির বাইরে হঠাৎ একাধিক গুলির শব্দ শোনা যায়। ঘটনাস্থলে এক মহিলাকে দেখা যায়। অভিযুক্ত হিসাবে তাঁকেই গ্রেফতার করে পুলিশ। পুলিশ আরও জানিয়েছে, একটি অস্ত্রও উদ্ধার হয়েছে ঘটনাস্থল থেকে। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, একটি গাড়ি থেকে বাড়ির গেটের দিকে পরপর গুলি চালানো হয়। ঘটনাটি ঘটার সময় রিহানা বাড়ির ভিতরেই ছিলেন বলে জানা গেছে। তবে সৌভাগ্যবশত এই ঘটনায় কেউ আহত হননি। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পরে সন্দেহভাজন হিসেবে এক মহিলাকে আটক করা হয়। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, তিনি একটি আধুনিক রাইফেল ব্যবহার করে গুলি চালিয়েছিলেন বলে অভিযোগ। ওই মহিলার বিরুদ্ধে খুনের চেষ্টা সহ একাধিক গুরুতর ধারায় মামলা দায়ের করা হয়েছে। বাড়ির নিরাপত্তাও বাড়ানো হয়েছে। পুলিশ এখনও ঘটনার আসল কারণ খুঁজে বের করার চেষ্টা করছে। এই ঘটনায় হলিউড মহলেও উদ্বেগ ছড়িয়েছে। ভক্তরাও প্রিয় গায়িকার নিরাপত্তা নিয়ে চিন্তিত। তবে বর্তমানে তিনি নিরাপদেই আছেন বলে জানা গেছে।