জীবনের নতুন অধ্যায় শুরু করলেন বলিউড অভিনেতা রন্দীপ হুডা এবং তাঁর স্ত্রী লিন লাইশরম। ২০২৩ সালের নভেম্বর মাসে বলিউডের মণিপুরীকন্যার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছিলেন রণদীপ। গত বছর তাঁদের বিবাহবার্ষিকীর দিনই সুখবর দিয়েছিলেন অভিনেতা। এবার দুই থেকে তিন হওয়ার খবর দিলেন পর্দার ‘সাভারকর’। ১০ মার্চ, মঙ্গলবার লিন-রণদীপের সংসার আলো করে জন্ম নিয়েছে ফুটফুটে এক কন্যাসন্তান। পিতৃত্বের স্বাদ পেয়ে আপ্লুত অভিনেতা। সোশ্যাল মিডিয়ায় অভিনব কায়দায় সদ্যোজাতের ছবিও ভাগ করে নিয়েছেন তিনি। ১০ মার্চ রণদীপের বাবারও জন্মদিন। আর সেই প্রেক্ষিতেই ঠাকুরদার কোলে সদ্যোজাত নাতনিকে দিয়ে সেই আনন্দঘন মুহূর্ত ফ্রেমবন্দি করেছেন অভিনেতা। ক্যাপশনে স্ত্রীর উদ্দেশে আদুরে বার্তাও দিলেন রণদীপ। লিখেছেন, “দাদু-নাতনিকে জন্মদিনের শুভেচ্ছা। আজ, আমি বাবা হওয়ায় তোমার প্রতি কৃতজ্ঞতা আরও বেড়ে গেল বাবা। আর সবথেকে গুরুত্বপূর্ণ- আমাকে পিতৃত্বের স্বাদ দেওয়ার জন্য ধন্যবাদ লিন। আমাদের ছোট্ট রাজকন্যেকে এই পৃথিবীর আলো দেখানোর জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সারাজীবনের ভালোবাসা।” সোশ্যাল মিডিয়ায় এই আনন্দের খবর প্রকাশের পর থেকেই অনুরাগী ও সহকর্মীদের শুভেচ্ছায় ভরে উঠেছে তাদের পোস্টের মন্তব্য বিভাগ।