প্রকাশ্যে ‘ককটেল ২’-এর ফার্স্ট লুক পোস্টার

প্রকাশ্যে এল ‘ককটেল ২’-এর ফার্স্ট লুক পোস্টার। ছবির ফার্স্ট লুক পোস্টার সামনে আসতেই তিনটি ভিন্ন পোস্টারে দেখা গেল কৃতী স্যানন, রশ্মিকা মন্দানা ও শাহিদকে। প্রথম পোস্টারে দেখা যাচ্ছে কৃতীকে। গাড়িতে বসে ‘রিল্যাক্স মুডে’ রয়েছেন অভিনেত্রী। যা দেখে আপনার ‘ককটেলে’র কথা ও নায়িকা দীপিকা পাড়ুকোনের কথা মনে পড়তে বাধ্য। অন্য আরও একটি পোস্টারে দেখা যাচ্ছে শাহিদকে। আর শেষ পোস্টারটিতে দেখা যাচ্ছে রশ্মিকাকে তাঁর ফোনে প্রকৃতিকে ক্যামেরাবন্দি করতে ব্যস্ত। এই ছবিও প্রেমের গল্প নিয়ে দর্শকের সামনে আসবে। তবে ছবির প্রেমের গল্পে থাকবে অন্য টুইস্ট অ্যান্ড টার্নস। কৃতী ও রশ্মিকার সমকাম প্রেমের গল্পই বোনা হবে এই ছবিতে। এই খবর প্রথম ফাঁস হয় রশ্মিকার বিয়ের কয়েকদিন আগেই। শুধুই সমকাম প্রেমই নয়, বন্ধুত্ব, খুনসুটির মিশেলেই যে এই ছবি তৈরি হবে তা আশা রাখছেন দর্শক। ২০১২ সালে ‘ককটেল’-এ দেখা গিয়েছিল সইফ আলি খান। দীপিকা পাড়ুকোন ও ডায়না পেন্টিকে। সেই ছবিতেই প্রেম, ভালোবাসা, বন্ধুত্বের সবরকম উপাদান ছিল। সেই লিগ্যাসি যে সিক্যুয়েলেও পরিচালক হোমী আদাজানিয়া বজায় রাখবেন বলেই মনে করছেন সিনেপ্রেমীরা। শুক্রবার ছবির ফার্স্ট লুক সামনে আসার সঙ্গে সঙ্গে নির্মাতাদের তরফে এও জানানো হয় আগামী ১৮ মার্চ ‘ধুরন্ধর ২’র প্রিভিউ শোয়ে দর্শকের দরবারে আসবে ‘ককটেল ২’র টিজার।