স্বাস্থ্যসাথী ক্যাম্পের কাজ দেখতে দেবের সঙ্গে টেকনিশিয়ান স্টুডিওয় কোয়েল

দেবের উদ্যোগে বাংলা সিনেপাড়ার ৭ হাজারেরও বেশি কলাকুশলীরা এবার থেকে স্বাস্থসাথী প্রকল্পের সুবিধে উপভোগ করতে পারবেন। বৃহস্পতিবারই দলের সুপারস্টার সাংসদের মহানুদ্যোগে অনুমোদন দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিনই জানা গিয়েছিল যে, টালিগঞ্জ টেকনিশিয়ান স্টুডিওতে একটি রেজিস্ট্রেশন ক্যাম্প বসবে। যে বিশেষ ক্যাম্পের মাধ্যমে স্বাস্থ্যসাথী প্রকল্পের জন্য নাম নথিভুক্ত করাতে পারবেন কলাকুশলীরা। পরিকল্পনামাফিক শনিবার সকালেই নাম নথিকরণের কাজ শুরু হয়েছে। সেই কাজ খতিয়ে দেখতেই এদিন দুপুরে বন্ধু দেবের সঙ্গে টেকনিশিয়ান স্টুডিওতে হাজির কোয়েল মল্লিক। দুই তারকা সাংসদের উপস্থিতিতে আপ্লুত কলাকুশলীরাও। শনিবার টেকনিশিয়ান স্টুডিয়োয় স্বাস্থ্যসাথী কার্ড করাতে আসেন পরিচালক সুদেষ্ণা রায়, অভিজিৎ গুহ, আর্টিস ফোরামের সম্পাদক শান্তিলাল-সহ ইন্ডাস্ট্রির আরও অনেকেই। প্রথমটায় জানানো হয়েছিল, আগামী ১৭ মার্চ থেকে নাম নথিকরণ শুরু হবে। কিন্তু পরে তারিখ এগিয়ে নিয়ে এসে ১৪ মার্চ করা হয়। দেব আগেভাগেই নির্ধারিত সময়মতো কলাকুশলীদের সেখানে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছিলেন। নেতা-অভিনেতার মহানুদ্যোগে আপ্লুত হয়ে এদিন সকাল থেকেই টেকনিশিয়ান স্টুডিওতে স্বাস্থ্যসাথী কার্ডের জন্য ভিড় জমান কলাকুশলীরা। সেখানেই হাসিমুখে দেবের সঙ্গে তদারকি করতে দেখা যায় রাজনীতিতে নবাগতা কোয়েল মল্লিককে। বাবুল সুপ্রিয়, রাজীব কুমারের পাশাপাশি সোমবারই বিধানসভায় রাজ্যসভার সাংসদ পদের সার্টিফিকেট পেয়েছেন কোয়েল।  সাংসদ পদপ্রাপ্তির পর কোয়েল মল্লিকে নিয়ে চলা অবিরাম কটাক্ষের আবহে দেব জানিয়েছিলেন, “কোয়েল খুবই ভালো মানুষ। আর ভালো মানুষদের রাজনীতিতে আসা উচিত। কারণ ভালো মানুষেরাই মানুষদের ভালো বুঝতে পারে। আর নিজেকে ভালো রাজনীতিক প্রমাণ করা সহজ নয়। নতুন ইনিংসে নিজেকে প্রমাণ করার জন্য কিংবা মানিয়ে-গুছিয়ে নেওয়ার জন্য কোয়েলকে সময় দেওয়া হোক। এখন নয়, আজ থেকে চার-পাঁচ বছর বাদে ওকে রাজনীতিক হিসেবে বিচার করা হোক।”