পর্দায় এবার দাপুটে পুলিশ অফিসার কুণাল ঘোষ!

আগেই শোনা গিয়েছিল যে এবার আর পর্দায় নেতা নয়, বরং দাপুটে পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে কুণাল ঘোষকে। এবার সেই গুঞ্জনই সত্যি হল। প্রকাশ্যে এল পরিচালক দুলাল দের ‘ফাঁদ’ ছবিতে কুণাল ঘোষের লুক। রবিবার সকালে আগামী ছবির নতুন লুক সোশাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন তিনি নিজেই। এই ‘পলিটিক্যাল ড্রামা’য় পুলিশ অফিসারের লুকে একগুচ্ছ ছবি ভাগ করে নিয়ে ক্যাপশনে কুণাল ঘোষ লিখেছেন, ‘AI নয়। নতুন সিনেমার লুক। পরিচালক দুলাল দের ‘ফাঁদ’। কর্পূর এবং শেকড়ে রাজনৈতিক নেতার চরিত্রে অভিনয়ের পর এবার পুলিশ অফিসার। শনিবার লুক সেট হল লেক গার্ডেন্সের একটি স্টুডিওতে। ফাঁদ ছবিটিতে থাকছেন ঋত্বিক চক্রবর্তী, অনির্বাণ চক্রবর্তী, সুহোত্র মুখোপাধ্যায়, আর জে সায়ন, অর্জুন চক্রবর্তী, ঈশা সাহা, অনন্যা বন্দ্যোপাধ্যায়, বুদ্ধদেব ভট্টাচার্য প্রমুখ। ‘অরণ্যর প্রাচীন প্রবাদ’-এর পর দুলালের এটি দ্বিতীয় ছবি।’