৯৮তম অস্কার মঞ্চে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্যালেস্টাইনকে মুক্ত করার বার্তা দিয়ে লাইমলাইট কেড়ে নিলেন জাভিয়ের বার্দেম। আর উপস্থাপক হিসেবে স্প্যানিশ অভিনেতার মন্ত্রে সায় দিয়ে চর্চায় প্রিয়াঙ্কা চোপড়াও। এদিন সেরা অন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য সিনেমার পুরস্কার দিতে জাভিয়ের বার্দেমের সঙ্গে মঞ্চে উঠেছিলেন প্রিয়াঙ্কা চোপড়াও। সেখানেই লাইমলাইট কেড়ে নেয় স্প্যানিশ অভিনেতার বুকের বাঁদিকে লাগানো দুটি ব্যাজ। যেগুলির একটিতে বার্দামের স্বভাষায় লেখা- ‘নো আ লা গুয়েরা…।’ বাংলায় যার তর্জমা করলে দাঁড়ায়- ‘আর যুদ্ধ নয়।’ অন্যদিকে আরেকটি ব্যাজে ইংরেজিতে লেখা ছিল, ‘ফ্রি প্যালেস্টাইন’। যার অর্থ, প্যালেস্টাইন মুক্ত হোক। অস্কার মঞ্চে পুরস্কার ঘোষণা করতে গিয়ে বার্দেমকে প্রথমেই বলতে শোনা যায়, “যুদ্ধ নয়, প্যালেস্টাইনকে মুক্ত করা হোক।” সেসময়ে স্প্যানিশ অভিনেতার পাশেই দাঁড়িয়েছিলেন ‘দেশি গার্ল’। পরনে সাদা অফশোল্ডার গাউন। গলায় হিরের গয়নার দ্যুতি। আর মুখে স্মিত হাসি। তবে প্রিয়াঙ্কার সাজপোশাকের থেকেও উপস্থিত পাপারাজ্জিরা ক্যামেরাবন্দি করলেন তাঁর অভিব্যক্তি। ঠিক যেসময় মঞ্চে দাঁড়িয়ে প্যালেস্টাইনকে মুক্ত করার দাবি তুললেন জাভিয়ের বার্দেম, তখন পাশে দাঁড়ানো প্রিয়াঙ্কা ঘাড় নেড়ে অভিজ্ঞ অভিনেতার বার্তায় সায় দেন। এরপরই ‘সেন্টিমেন্টাল ভ্যালু’ সিনেনির্মাতাদের হাতে পুরস্কার তুলে দেন প্রিয়াঙ্কা এবং জাভিয়ের বার্দেম। অস্কারের মঞ্চ থেকে যে ক্যামেরাবন্দি মুহূর্ত ইতিমধ্যেই বিশ্বজুড়ে চর্চার শিরোনামে উঠে এসেছে।