প্রয়াত ধারাবাহিক ‘সাধক বামাখ্যাপা’র লেখক ঋতম ঘোষাল

প্রয়াত সুপরিচিত লেখক ঋতম ঘোষাল। টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক ‘সাধক বামাখ্যাপা’ তাঁর লেখনীর মাধ্যমে সমৃদ্ধি লাভ করেছিল। জানা গিয়েছে, পারপিচুয়াল কার্ডিয়াক অ্যারেস্ট হয় লেখকের ৷ বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি ৷ কিন্তু চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ হয় ৷ সোশাল মিডিয়ায় বন্ধু শিবাশিষ বন্দ্যোপাধ্যায় এই খবর নিশ্চিত করেছেন ৷ ঋতমের সঙ্গে পুরনো একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, “ঋতম নেই। বাংলান টেলিভিশনের বৃহত্তম ধারাবাহিক সাধক বামাখ্যাপার লেখক, অজস্র সুঠাম স্মরণীয় ঐতিহাসিক ও পৌরাণিক ধারাবাহিকের প্রধান লেখক ঋতম ঘোষাল নেই আর। কত কত কাজ একসঙ্গে করেছি আমরা, অর্পিতা আর ঋতম আবার আলাদাভাবে বন্ধু। বড় বনেদি বাড়ির ছেলে হলেও একটা খুব সংগ্রামী জীবন ছিল ঋতমের। তাই ঈশ্বর সাফল্যের চূড়ায় বসিয়েছিলেন তাঁকে ৷” এরপর তিনি লেখেন, “সে খুব মনোরম বিলাসিতা ভালোবাসত। নিত্যনতুন ঘড়ি, বেশবাস, সুগন্ধী, ভ্রমণ আর ভোজন। ওর ক্রমাগত গাড়ি পাল্টানো ছিল আমাদের পোষা ঠাট্টা। হাসিমুখ ছেলেটা বড় আদরের ছিল। প্রতিভার মাপকাঠি হয় না, কদর হয়। ঋতম ঘোষালের লেখার আমি খুব কদর ও সম্মান করি। লেখার মান সবক্ষেত্রেই পড়ছে বলে আমার মতামত, সেক্ষেত্রে ওর এখনো অনেক দেওয়ার ছিল। ওর স্ত্রী শ্রুতি আর বালিকা মেয়ের সামনে কোন মুখে দাঁড়াবো, জানি না। তোর বিশ্বাসের মা তারার কোলে ভালো থাকিস ঋতম। তোর শেষ লেখাটা আমাদের কাছেই রয়ে গেল। অনেক আদর নিস রে।” সাত সকালে শোকের ছায়া টলিউড ইন্ডাস্ট্রিতে ৷ শোকপ্রকাশ তারকাদের ৷ অভিনেতা ঋষি মুখোপাধ্যায়, ভাস্বর চট্টোপাধ্যায়, অভিনেত্রী সোনালী চৌধুরী, অনিন্দিতা রায়চৌধুরী, অভিনেতা সোহান বন্দ্যোপাধ্যায়, রূপাঞ্জনা মিত্র, চৈতি ঘোষাল সকলেরই মন খারাপ ৷ লেখক ঋতম ঘোষালের আকস্মিক প্রয়াণ মেনে নিতে পারছেন না টলিপাড়ার তারকারা ৷