ফের বিয়ের পিঁড়িতে সুস্মিতা, অভিনেত্রীর নতুন জীবন সঙ্গী কে!

2025 সালের জুলাইতে প্রকাশ্যে আসে অভিনেত্রী-ইনফ্লুয়েন্সার সুস্মিতা রায়ের সাংসারিক জীবনে বিচ্ছেদের খবর ৷ বছর ঘুরতে না ঘুরতেই নতুন অধ্যায়ের সূচণা অভিনেত্রীর ৷ বুধবার সোশাল মিডিয়ায় সুস্মিতা জানালেন ফের বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি ৷ মঙ্গলবার রাতে নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সুস্মিতা বিয়ের খবর প্রকাশ্যে আনেন। তিনি বিয়ের মণ্ডপে হাতে হাত রাখার একটি ছবি পোস্ট করেন ৷ সেখানেই তিনি জানান, দ্বিতীয়বার বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন ৷ সুস্মিতা লেখেন, “এই একটা ইচ্ছে কখনো মন থেকে মুছে যায়নি। একটা শব্দ শোনার আশা-‘মা’…আজ ছত্রিশ বছর বয়সে এসে সত্যিই আর কোনো ভনিতা করার সময় নেই… ৷ নিজেকে আর মিথ্যে সান্ত্বনা দেওয়ারও শক্তি নেই। বিয়ে করলাম….তোমরা সবাই আশীর্বাদ করো… ৷” পরের পোস্টেই সুস্মিতা শেয়ার করেন টুকটুকে লাল বেনারসী, গলায় গোলাপের মালায় সুন্দর বিয়ের ছবি ৷ পোস্টে লেখেন, “যখন আমরা দুজনেই নিজের নিজের লড়াইয়ে প্রায় ভেঙে পড়ছিলাম, তখনই একে অপরের পাশে দাঁড়িয়ে শক্তি হয়েছিলাম… সেখান থেকেই শুরু আমাদের নতুন পথচলা। আজ সেই মানুষটার হাত ধরেই জীবনের সবচেয়ে বড় বন্ধনে আবদ্ধ হলাম। লড়াইটা এখনও আছে… তবে এবার আমরা একসাথে।” নেটপাড়ায় অনেকেই, এই পোস্টকে প্রোমোশন বা অন্য কিছু ভেবেছিলেন ৷ বিষয়টা যে সত্যি তা অনেকেই বিশ্বাস করেননি ৷ এরপর বুধবার সকালে আসে আইবুড়ো ভাত ও বিয়ের ছবি ৷ সুস্মিতা লেখেন, “আইবুড়ো ভাতের সকাল…হয়তো আমি আর আয়বুড়ো নই—তবুও মনটা ঠিক সেখানেই আটকে আছে। অনেকে অনেক কথা বলেছে…তবুও এবারে ঠিক করেছি—সব রিচুয়ালস করব…কারণ এই বিয়েটা… এই দিনটা… আমার খুব দেরিতে পাওয়া এক টুকরো স্বপ্ন। কিছুই বাদ দিতে চাই না। প্রতিটা মুহূর্ত বাঁচতে চাই… যেন আর কোনোদিন আফসোস না থাকে। তোমরা একটু পাশে থেকো ৷” সুস্মিতার স্বামীর নাম শুভাশিস দে। অভিনেত্রী ব্যবসার ক্ষেত্রে যে সংস্থার সঙ্গে যুক্ত, সেই কোম্পানিরই কর্তাব্যক্তি তাঁর স্বামী। অভিনেত্রী-ব্যবসায়ীর নতুন পথ চলায় অনেকে শুভেচ্ছা জানালেও সোশাল মিডিয়ায় সমালোচনার শিকার সুস্মিতা ৷ এমনকী, খোঁচা প্রাক্তন দেওর তথা অভিনেতা-ভ্লগার সায়কেরও ৷ তিনি সুস্মিতার 2018 সালের সাধের ছবি শেয়ার করেন ৷ তারপর লেখেন, “ভেবে ভালো লাগছে এই বরটাও আমারই খুঁজে দেওয়া । যদিও বর হবে জানতাম না । তবে এবার থামিস প্লিজ । এটাই যেন লাস্ট বিয়ে হয় ৷ এবার মা হলে আর নরমাল ডেলিভারির জন্য অপেক্ষা করিস না ৷ শুভেচ্ছা মিসেস দে ৷”