বরবেশে হাজির অর্জুন চক্রবর্তী ! মনীন্দ্র চন্দ্র নন্দীর সঙ্গে করালেন আলাপ

লম্বা একটা বিরতির পর ফের পর্দায় কাজ করলেন অভিনেতা অর্জুন চক্রবর্তী। আগেই শোনা গিয়েছিল ‘ফুলপিসি ও এডওয়ার্ড’ ছবির মাধ্যমেই আবার পর্দায় প্রত্যাবর্তন ঘটতে চলেছে অভিনেতার। এবার প্রকাশ্যে এল এই ছবিতে তার লুক। উইন্ডোজের সঙ্গে প্রথমবার কাজ করতে চলেছেন অর্জুন চক্রবর্তী। এবার অভিনেতার লুক প্রকাশ্যে এনে কৌতূহলের পারদ চড়ালেন নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়। এই ছবিতে অর্জুন চক্রবর্তীর চরিত্রের নাম মনীন্দ্র চন্দ্র নন্দী। নিজের চরিত্রের প্রথম পোস্টারে ঐতিহ্যবাহী বরবেশে ধরা দিয়েছেন অভিনেতা। মাথায় টোপর আর গলায় রজনীগন্ধার মালা। পরনে সাবেকী পাঞ্জাবী। খুব গুরুত্বপূর্ণ একটি চরিত্রে এই ছবিতে অভিনয় করছেন তিনি। অর্জুন চক্রবর্তী নিজের উচ্ছ্বাস ভাগ করে নিয়ে বলেন, “এই ছবিতে মনীন্দ্র চন্দ্র নন্দীর ভূমিকায় অভিনয় করাটা একটা দারুণ অভিজ্ঞতা আমার। পাশাপাশি ছবিটাও আমার কাছে খুব স্পেশাল। কেননা এই প্রথম শিবু, জিনিয়া এবং নন্দিতা দি’র সঙ্গে কাজ করলাম। ওঁদের গল্পের আমি বরাবর গুণমুগ্ধ। নন্দিতা দি খুব ভালো একজন মানুষ। শুরুর দিন থেকে ওঁর উষ্ণ অভ্যর্থনা, ব্যবহার আমাকে আপ্লুত করেছে। একইভাবে কাজটা করা সহজ করে দিয়েছে। খুব ভালো একটা টিমের সঙ্গে কাজ হয়েছে। চরিত্রটার মধ্যে একটা ঐতিহ্য আছে। ছবিটা মুক্তির অপেক্ষায় আছি এবার। দেখতে চাই ছবিটা সকলের কেমন লাগে এবং আমার চরিত্রটা দর্শক কীভাবে নেয়।” ফ্যামিলি ড্রামার মোড়কে ‘ফুল পিসি’ সোহিনী সেনগুপ্তর গোয়েন্দাগিরির গল্প ফুটে উঠবে এই ছবিতে। এক অভিজাত পরিবারের অন্দরমহলের নানা গোপন কেচ্ছা-কাহিনি নিয়েই সাজানো হয়েছে চিত্রনাট্য। দিন কয়েক আগেই নারী দিবসে ছবির নারীচরিত্রদের লুক ফাঁস করেছিলেন পরিচালকদ্বয়। যেখানে জমিদার পরিবারের গিন্নি ‘অদিতি’, ‘রাজলক্ষ্মী’র বেশে নজর কাড়েন রাইমা সেন এবং কনীনিকা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে নবপরিণীতা ‘বিনিতা’ বেশে শ্যামৌপ্তি মুদলি এবং ‘পুতুল বাই’য়ের ভূমিকায় নজর কাড়েন অনন্যা চট্টোপাধ্যায়। পরিবারের গুরুজন হাসি দেবীর ভূমিকায় দেখা যায় অনামিকা সাহাকেও। এবার ‘ফুল পিসি ও এডওয়ার্ড’ সিনেমার প্রথম পুরুষ চরিত্রের লুক প্রকাশ্যে এল। যেখানে বরবেশে কৌতূহলের পারদ চড়ালেন অর্জুন চক্রবর্তী। এই ছবিতে মনীন্দ্র চন্দ্র নন্দীর দু’টি বিয়ে হয়ে গিয়েছে । তৃতীয়বার সে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন । এই ছবিতে অর্জুন চক্রবর্তীর দুই বউয়ের একজন রাইমা সেন ৷ অন্যজন কনীনিকা বন্দ্যোপাধ্যায়।  গ্রীষ্মকালীন বক্স অফিস দখলের প্রাক্কালে ‘ফুল পিসি’র প্রথম চরিত্র পোস্টারেই যে পরিচালকদ্বয় শোরগোল ফেলে দিলেন, তা বলাই বাহুল্য।