প্রথম ভাগকে ছাপিয়ে পয়লা দিনেই ১০০ কোটির ক্লাবে ‘ধুরন্ধর ২’

বক্সঅফিসে সুনামি এনেছে রণবীর সিং অভিনীত এবং আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর 2: দ্য রিভেঞ্জ’ ৷ বক্স অফিসে এক দুর্দান্ত সিনেমার ওপেনিং, পিছনে ফেলেছে একাধিক বড় বড় তারকাদের বড় বড় সিনেমা ৷ অ্যাকশন স্পাই থ্রিলারে ভরপুর এই সিনেমা মুক্তি পেয়েছে 19 মার্চ ৷ মুক্তির প্রথম দিনের পারফরম্যান্স দিয়েই ইতিমধ্যেই ইতিহাস সৃষ্টি করেছে ‘ধুরন্ধর 2’। ‘ধুরন্ধর’-এর সিক্যুয়েল এই সিনেমার গল্প এগিয়েছে পাকিস্তানের ভিতরে কর্মরত একজন ছদ্মবেশী ভারতীয় গোয়েন্দা এজেন্টের কাহিনিকে কেন্দ্র করে ৷ সিনেমার দীর্ঘ প্রদর্শনের সময়সীমা (3 ঘণ্টা 49 মিনিট) এবং ‘A’ রেটিং-কোনওটাই দর্শকদের বিপুল সংখ্যায় প্রেক্ষাগৃহে উপস্থিত হওয়া থেকে বিরত রাখতে পারেনি। সিনেমার আনুষ্ঠানিক মুক্তি 19 মার্চ হলেও, একাধিক প্রেক্ষাগৃহে 18 মার্চ সিনেমার পেইড প্রিভিউ হয় ৷ স্যাকনিল্ক অনুযায়ী, মুক্তির ‘শূন্যতম দিনে’ (Day 0)-যার অন্তর্ভুক্ত ছিল ‘পেইড প্রিভিউ’ শো-গুলো- সেখানে ‘ধুরন্ধর 2’ (Dhurandhar 2) ভারতে আয় করে 43.00 কোটি টাকা ৷ যেকোনও ভারতীয় সিনেমার ইতিহাসে ‘পেইড প্রিভিউ’ থেকে আয়ের ক্ষেত্রে এটা অন্যতম সর্বোচ্চ সংগ্রহের রেকর্ড। অগ্রিম টিকিট বুকিংয়ের জোরালো সাড়া এবং মুক্তির পূর্ববর্তী শো-গুলোর বিপুল দর্শকের উপস্থিত সিনেমাকে ঘিরে তৈরি হওয়া উন্মাদনা বা ‘হাইপ’ আরও বাড়িয়ে তোলে। ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্ক’অনুযায়ী, মুক্তির প্রথম আনুষ্ঠানিক দিনে (বৃহস্পতিবার) ধুরন্ধর 2 ভারতে 102.55 কোটি টাকা নেট আয় করেছে। সারা দেশজুড়ে 21 হাজার,728টি শো থেকে এই বিপুল পরিমাণ অর্থ ঝুলিতে এসেছে ৷ মোট আয়ের মধ্যে হিন্দি ভার্সন থেকেই উঠে এসেছে 99.10 কোটি টাকা ৷ তামিল সংস্করণ থেকে আয় হয়েছে 1.16 কোটি টাকা ৷ অন্যদিকে তেলুগু সংস্করণ থেকে আয় হয়েছে 2.12 কোটি টাকা ৷ অন্যদিকে, মালায়লাম ও কন্নড় ভার্সন থেকে আয় হয়েছে যথাক্রমে 0.09 কোটি ও 0.08 কোটি টাকা । ‘পেইড প্রিভিউ’ (অগ্রিম প্রদর্শনী) এবং প্রথম দিনের আয় মিলিয়ে, ভারতে ছবিটির মোট নেট সংগ্রহ দাঁড়িয়েছে 145.55 কোটি টাকায়। ভারতে ছবিটির মোট গ্রস সংগ্রহ প্রায় 172.63 কোটি টাকা। এই পরিসংখ্যান ভারতীয় সিনেমার ইতিহাসে ছবিটিকে অন্যতম সেরা ‘ওপেনিং পারফরম্যান্স’-এর তালিকায় জায়গা করে নিয়েছে ৷ মুক্তির আগেই, ‘ধুরন্ধর 2’ অগ্রিম বুকিংয়ের ক্ষেত্রে বেশ কিছু রেকর্ড গড়ে ফেলেছিল। সিনেমার মুক্তির সপ্তাহান্তের জন্য ছবিটির বিশ্বব্যাপী অগ্রিম বিক্রি (pre-sales) 250 কোটি টাকার গ্রস অঙ্ক ছাড়িয়ে যায় ৷ অনেকে আবার এই অঙ্কের পরিমাণ জানায়, 260 থেকে 300 কোটি টাকারও কাছাকাছি ৷ শুধুমাত্র ভারতেই অগ্রিম বুকিংয়ের পরিমাণ ছিল প্রায় 160 কোটি টাকা (গ্রস) ৷ অন্যদিকে আন্তর্জাতিক বাজার থেকে এসেছে 100 কোটি টাকারও বেশি।