রূপান্তরকামী সুরক্ষা বিল নিয়ে সংসদে সরব জয়া বচ্চন

মঙ্গলবার প্রায় বিরোধী শূন্য লোকসভায় পাস হয়েছে রূপান্তরকামী অধিকার সুরক্ষা বিল। কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, ডিএমকে-সহ বিরোধীদের তীব্র আপত্তি সত্ত্বেও বুধবার রাজ্যসভাতেও মিলেছে সবুজ সংকেত। তবে আগামী দিনে বিলটিকে আদালতে চ্যালেঞ্জ করা হতে পারে বলেই খবর। বিতর্কিত এই বিলকে হাতিয়ার করেই মোদি সরকারকে একহাত নিয়েছেন সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চন। লোকসভায় জয়া বলেন, “এত অসংবেদনশীল আইন, আদতেই শোচনীয়। রূপান্তরকামী, যাদের নিয়ে আমরা চর্চা করছি। যাদের মর্যাদা ক্ষুণ্ণ করার চেষ্টা হচ্ছে, ওদের উপর ভগবান রামের আশীর্বাদ রয়েছে। রাম বলেছিলেন, প্রতিটা শুভ অনুষ্ঠানে আপনাদের উপস্থিতিতেই কার্যসিদ্ধি হবে। সেই রীতি আজও সমাজে বহাল তবিয়তে প্রচলিত। আমরা এখনও কোনও শুভ অনুষ্ঠানে তৃতীয় লিঙ্গের মানুষদের ডাকি। ওদের আশীর্বাদপ্রাপ্তি শুভ বলেই মনে করা হয়। তাই দয়া করে ওঁদের অভিশাপ কুড়োবেন না। পুরাণেও আমাদের এমন উপদেশই দেওয়া হয়েছে।” জয়ার সংযোজন, “রাজরাজরাদের আমলেও নারীসুরক্ষার জন্য রূপান্তরকামীদের নিয়োগ করা হত। কেন? কারণ তাঁদের ‘নিরাপদ’ বলেই গণ্য করা হত ওদের। কিন্তু দেশের বর্তমান সরকার ওদের নিয়ে এতটা অনিরাপদ বোধ করছে কেন? আমি অবাক হচ্ছি দেখে!” পাশাপাশি ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের সমস্যাগুলো সরাসরি তুলে ধরার জন্য সংসদে তাদের একজন প্রতিনিধিকে মনোনীত করা উচিত, বলেও মত জয়া বচ্চনের।