অবশেষে হতে চলেছে প্রতীক্ষার অবসান ৷ প্রকাশ্যে এল ‘রামায়ণা’ সিনেমার প্রথম ঝলক, অর্থাৎ রামের প্রথম ঝলক কবে আসবে সেই তারিখ ৷ প্রাথমিকভাবে ঘোষণার পর থেকেই সিনেমাটি ইতিমধ্যেই ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে ৷ এই ঘোষণার অংশ হিসেবে ভারতের একাধিক শহরে এর আনুষ্ঠানিক সূচনা করা হয় ৷ নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে অ্যানাউন্সিং ভিডিয়োর বিশেষ প্রদর্শন হয়। আসন্ন ‘রাম’-এর প্রথম ঝলক, বলা ভাল রণবীর কাপুরের প্রথম ঝলক দেখার জন্য মুখিয়ে রয়েছেন সকলে ৷ তারকাখচিত সিনেমা রামের ভূমিকায় অভিনয় রণবীর কাপুরের পাশাপাশি সীতার চরিত্রে দেখা যাবে সাই পল্লবীকে ৷ রাবণের চরিত্রে যশ, হনুমানের চরিত্রে সানি দেওল এবং লক্ষ্মণের চরিত্রে দেখা যাবে রবি দুবেকে। রামনবমীর শুভ তিথি উপলক্ষ্যে প্রযোজক নমিত মালহোত্রা সোশাল মিডিয়ায় শেয়ার করলেন খুশির খবর ৷ তিনি উচ্চাভিলাষী প্রকল্পের নেপথ্যে থাকা দৃষ্টিভঙ্গি এবং প্রচেষ্টার ওপরও নজর দিয়েছেন ৷ তিনি সকলকে রামনবমীর শুভেচ্ছা জানিয়ে লেখেন, “এটি এমন একটি কাহিনি যা আমাদের সকলেরই নিজস্ব ৷ আর এই নিজস্ব ‘রামায়ণা’-কে তার প্রকৃত মর্ম ও বিশালতা সহকারে, পরম নিষ্ঠার সঙ্গে জীবন্ত করে তোলার লক্ষ্যে আমাদের প্রতিটি পদক্ষেপই পরিচালিত হয়েছে গভীর দায়িত্ববোধ, ভক্তি এবং যত্নের সঙ্গে ৷” এরপর তিনি তারিখ প্রকাশ্যে এনে লেখেন, “আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি আগামী 2 এপ্রিল হনুমান জয়ন্তীর জন্য সেদিনের শুভলগ্নে এর পরবর্তী ঝলক বা ‘রাম’-এর ঝলক আপনাদের সামনে তুলে ধরা হবে। আমরা ভক্তদের সামনে আমাদের বিগত বহু বছরের কঠোর পরিশ্রমের ফসল তুলে ধরব ৷ বিশ্বজুড়ে এই বিশেষ মুহূর্তটি উদযাপন করব। আপনাদের ভালোবাসা, বিশ্বাস এবং ধৈর্যের জন্য অশেষ ধন্যবাদ।” ‘প্রাইম ফোকাস স্টুডিয়োস’-এর প্রযোজনায় এবং আটবার অস্কারজয়ী সংস্থা ‘DNEG’ ও যশের নিজস্ব প্রযোজনা সংস্থা ‘মনস্টার মাইন্ড ক্রিয়েশনস’-এর সহযোগিতায় নির্মিত এই সিনেমা বিশ্বজুড়ে ‘IMAX’ ফরম্যাটে মুক্তি পাওয়ার কথা রয়েছে। ছবিটির প্রথম পর্বটি 2026 সালের দিপাবলীতে মুক্তি পাওয়ার কথা ৷ দ্বিতীয় পর্বটি মুক্তি পাওয়ার কথা এর ঠিক এক বছর পর, অর্থাৎ 2027 সালের দিপাবলীতে ৷