প্রকাশ্যে রাজামৌলির ‘বারাণসী’র প্রথম ঝলক

নীতিশ তিওয়ারির পর এবার এসএস রাজামৌলি প্রকাশ্যে আনলেন ‘বারাণসী’ সিনেমার ভিডিয়ো ঝলক ৷ নির্মাতারা রামায়ণ-অনুপ্রাণিত এক মহাকাব্যিক দৃশ্যের সমন্বয়ে সিনেমার টিজার প্রকাশ করেছেন ৷ পাশাপাশি অনুরাগীদের রামনবমী উৎসবের শুভেচ্ছা জানিয়েছেন ৷ এসএস রাজামৌলি আসন্ন অ্যাডভেঞ্চারধর্মী সিনেমার ঝলক শেয়ার করে পোস্টে লিখেছেন, “আগামী শ্রী রাম নবমীর মধ্যেই আপনারা তাঁকে প্রেক্ষাগৃহে দেখতে পাবেন।” সুপারস্টার মহেশ বাবু প্রথমবার কাজ করছেন রাজামৌলির সঙ্গে ৷ জানা গেছে, তিনি ‘রুদ্র’ নামে একজন শিব ভক্তের ভূমিকায় অভিনয় করছেন ৷ তবে গল্পের সঙ্গে নাকি রামায়ণের গভীর সংযোগ রয়েছে। ভগবান রামের ভূমিকায় মহেশ বাবুকে নিয়ে তৈরি ভিডিয়োটি অনুরাগীদের মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি করেছে। জানা গিয়েছে, সিনেমাটি প্রায় 25 মিনিটের একটি দীর্ঘ রামায়ণ পর্ব রয়েছে, যা শুটিং করতে প্রায় 60 দিন সময় লেগেছে। ‘বারাণসী’ ভারতের সর্বকালের অন্যতম ব্যয়বহুল সিনেমা হিসেবে বিবেচিত হচ্ছে। এর বাজেট 1 হাজার কোটি টাকারও বেশি বলে জানা গিয়েছে। রাজামৌলি এই সিনেমাটিকে বিশ্বব্যাপী অভিযান হিসেবে তৈরি করছেন। বারাণসীর পবিত্র ঘাট থেকে শুরু করে অ্যান্টার্কটিকার বরফাবৃত উপত্যকা পর্যন্ত এই সিনেমার শুটিং স্পট হিসাবে রয়েছে। প্রযুক্তিগতভাবে, এই সিনেমা অসাধারণ হতে চলেছে তা বলাই যায় ৷ পাশাপাশি আইম্যাক্স (IMAX) ফরম্যাটে শুট হচ্ছে ‘বারাণসী’র, যা দর্শকদের অনন্য সিনেমাটিক অভিজ্ঞতা দিতে বাধ্য। মহেশ বাবু ছাড়াও, প্রিয়াঙ্কা চোপড়া জোনাসকে মন্দাকিনীর ভূমিকায় দেখা যাবে। প্রখ্যাত দক্ষিণী অভিনেতা পৃথ্বীরাজ সুকুমারন খলনায়কের (কুম্ভ) ভূমিকায় অভিনয় করছেন। অ্যাকশন, অ্যাডভেঞ্চার এবং পৌরাণিক কাহিনীর এক অনন্য মিশ্রণ থাকবে এই সিনেমায়, আগেই জানিয়েছেন ‘বাহুবলী’ পরিচালক। শোনা গিয়েছিল, ‘বাহুবলী’র মতো হয়তো দুটি ভাগে আসতে পারে ‘বারাণসী’ ছবিটিও ৷ কিন্তু সেই সব জল্পনার অবসান ঘটিয়েছেন দক্ষিণী পরিচালক রাজামৌলি ৷ তিনি জানিয়েছেন, মহেশ বাবু, প্রিয়াঙ্কা চোপড়া জোনাস এবং পৃথ্বীরাজ সুকুমারন অভিনীত একক ছবি ‘বারাণসী’ ৷ ছবিটির রানটাইম প্রায় তিন ঘণ্টা । এর দ্বিতীয় কোনও অংশ আসবে না ৷ পরিচালকের কথায়, “আমরা কিছু সময় ধরে বারাণসীকে দুই অংশের সিনেমা করব বলে আলোচনা করেছিলাম ৷ কিন্তু আমরা দ্রুত সেই ভাবনা থেকে সরে আসি এবং ঠিক করি ছবিটির রানটাইম প্রায় তিন ঘণ্টা হবে।”