প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়

প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 43 বছর ৷ ওড়িশার তালসারিতে ছবির শ্যুটিং করতে গিয়ে অকালপ্রয়াণ ঘটল জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। রবিবার বিকেলে সমুদ্রের মাঝখানে একটি শ্যুটিং চলাকালীন হৃদরোগে আক্রান্ত হন তিনি বলে সূত্রে জানা যায় । এরপর স্পিড বোট থেকে উত্তাল সমুদ্রে পড়ে তলিয়ে যান অভিনেতা। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে প্রথমে উড়িষ্যার একটি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তারপর দিঘা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে, চিকিৎসকরা অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়কে মৃত বলে ঘোষণা করেন। তাঁর এই অকাল প্রয়াণে আজ স্তব্ধ টলিপাড়া। জানা গিয়েছে ‘ভোলে বাবা পার করেগা’ নামক একটি প্রজেক্টের শুটিংয়ের জন্য গত কয়েকদিন ধরেই রাহুল ও তাঁর টিম তালসারির একটি হোটেলে ছিলেন। রবিবার বিকেলের দিকে সমুদ্রের মাঝখানে স্পিড বোটে একটি অ্যাকশন দৃশ্যের মহড়া চলছিল। প্রত্যক্ষদর্শীদের দাবি, শুটিং চলাকালীন আচমকাই বুকে হাত দিয়ে বসে পড়েন অভিনেতা। কিছু বুঝে ওঠার আগেই ভারসাম্য হারিয়ে তিনি সমুদ্রের জলে পড়ে যান। সঙ্গী ও ইউনিটের সদস্যরা তৎক্ষণাৎ জলে ঝাঁপিয়ে তাঁকে উদ্ধার করার জন্য। সন্ধ্যা 6টা 10 মিনিট নাগাদ রাহুলকে দিঘা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। এই মর্মান্তিক দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই হাসপাতালে পৌঁছায় দীঘা কোস্টাল থানার পুলিশ। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি একটি অস্বাভাবিক মৃত্যু। শুটিংয়ের সময় প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আপাতত অভিনেতার দেহ দীঘা হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আগামিকাল সোমবার সকালে দেহটি ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠানো হবে। দিনকয়েক আগেই তাঁর এন্ট্রি হয় ‘ভোলে বাবা পার করে গা’ ধারাবাহিকে। ডাক্তার উজানের ভূমিকায় তিনি আসার পরই ধারাবাহিকে মোড় ঘোরে দর্শকের কাছে আরও জনপ্রিয় হয়ে ওঠে এই ধারাবাহিক। সেই ধারাবাহিকের শুটিং করতেই দীঘা গিয়েছিলেন রাহুল। প্রসঙ্গত, এই ধারাবাহিকে বেশ মজার চরিত্র করছিলেন তিনি। রাগী ডাক্তার। বাড়িতেও সবাই ভয় পায় তাকে। কিন্তু নতুন বউয়ের কাছে সে এক্কেবারে ভিজে বেড়াল। রীতিমতো ভয়ে থাকে সে বউয়ের। এখানে রাহুলের বউয়ের চরিত্রে অভিনয় করছিলেন শ্বেতা মিশ্র। রাহুলের বাবার ভূমিকায় অম্বরীশ ভট্টাচার্য, বোনের ভূমিকায় রাজন্যা চৌধুরী। জানা গিয়েছে, বোটে ছিলেন রাহুলের সহ অভিনেতা শ্বেতা মিশ্রও। তিনি সুস্থ থাকলেও শেষ রক্ষা হয়নি রাহুলের। ‘চিরদিনই তুমি যে আমার’ ছবির হাত ধরে খ্যাতি পেয়েছিলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় । সেই ছবির নায়িকা প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে পরবর্তীতে তাঁর সঙ্গেই গাঁটছড়া বাঁধেন রাহুল। যদিও মাঝে তাঁদের বিচ্ছেদের খবর রটে। কিন্তু, ছেলে সহজের কথা ভেবে ফের একসঙ্গে থাকা শুরু করেন রাহুল- প্রিয়াঙ্কা। বিপুল জনপ্রিয় হয়ে উঠেছিল তাঁর পডকাস্ট ‘সহজ কথা’।