কৃষ্ণ আরাধনা সেরে মেয়ে মীরার অন্নপ্রাশন করলেন অহনা-দীপঙ্কর

দেখতে দেখতে ছ’মাসে পা রাখল অভিনেত্রী অহনা দত্ত ও রূপটান শিল্পী দীপঙ্কর রায়ের মেয়ে মীরা। ২২ ফেব্রুয়ারি বাড়িতেই আয়োজিত হল একরত্তির অন্নপ্রাশনের অনুষ্ঠান। এদিন হলুদ ও অফ-হোয়াইট রঙের পোশাকে সেজেছিলেন তাঁরা তিনজনে। আত্মীয় ও পরিবারের সঙ্গেই এদিন মেয়ের অন্নপ্রাশনের অনুষ্ঠান সারেন অহনা। বন্ধু ও ইন্ডাস্ট্রির সকলকে নিয়ে অন্য আর এক দিন প্রীতিভোজের আয়োজন করবেন বলেই জানা যাচ্ছে।  অহনা তাঁর মেয়ের অন্নপ্রাশনের ভিডিও ভাগ করে নিয়েছেন সোশাল মিডিয়ায়। সেখানেই মেয়ের অন্নপ্রাশনের প্রস্তুতি থেকে গায়ে হলুদ ও মুখে প্রথম ভাত দেওয়ার মুহূর্ত ভাগ করে নিয়েছেন ছোটপর্দার ‘মিশকা’। ‘পেরেন্টহুড’-এর জার্নি শুরু করার পর এটিই প্রথম অহনা ও দীপঙ্করের প্রথম বড় অনুষ্ঠান। আর তাই তাতে কোনওরকম খামতি রাখেননি তাঁরা। রবিবার মেয়েকে কোলে নিয়ে বসে অহনা ও দীপঙ্কর এদিনের অন্নপ্রাশনের অনুষ্ঠান সারেন। মেয়ের মুখে প্রথমবার প্রসাদ তুলে দেন বাবা দীপঙ্কর নিজেই। এদিন নাকি কৃষ্ণ আরাধনা সেরে মেয়ের অন্নপ্রাশনে বসেছিলেন অহনা ও দীপঙ্কর। আর তাই মীরার অন্নপ্রাশনে নিরামিষ ভোজেরই আয়োজন হয়েছিল। মেনুতে ছিল ফ্রায়েড রাইস, চিলি পনির, আলুর দমের মতো পদ।