আগামী এপ্রিলেই প্রিয়দর্শন পরিচালিত বহু প্রতীক্ষিত ছবি ‘ভূত বাংলো’র দরজা খুলবে, অর্থাৎ এপ্রিলে মুক্তি পাবে এই ছবি। আর সেই ছবিতেই ফের দেখা যাবে অক্ষয় কুমারকে। এবার প্রকাশ্যে এল ছবির মোশন পোস্টার। ইতিমধ্যেই ‘ভূতবাংলো’র মোশন পোস্টার ভাইরাল সোশাল মিডিয়ায়। ছবির ওই নতুন পোস্টারে দেখা যাচ্ছে, একটি সিংহাসনে বসে রয়েছেন অক্ষয়। তার চারিদিকে ভয়ংকর কয়েকটি মুখাবয়ব। সব মিলিয়ে একটা অদ্ভুত আলো-আঁধারি পরিবেশ তৈরি হয়েছে চারিদিকে। শুধু তাই নয়, এক অদ্ভুত অবতারে দেখা যাচ্ছে অক্ষয়কেও। হাতে-গলায় রুদ্রাক্ষ, চোখে সানগ্লাস পরে এক অদ্ভুত ভঙ্গিমায় সিংহাসনে বসে রয়েছেন ‘খিলাড়ি’। নিজের ইনস্টাগ্রামে সেই ভিডিও ভাগ করে নিয়ে অক্ষয় লিখেছেন, ‘দশজনকে পাল্লা দেব। সবটাই শুধু সময়ের অপেক্ষা।’ উল্লেখ্য, আগামী ১০ এপ্রিল বড়পর্দায় মুক্তি পাবে বহু প্রতীক্ষিত ‘ভূত বাংলো’। অক্ষয়-প্রিয়দর্শন জুটি এর আগে জখনই পর্দায় ধরা দিয়েছে তখনই কমেডি ভরপুর ছবি উপহার দিয়েছেন সকলকে। সেই তালিকায় রয়েছে ‘ভাগম ভাগ’, ‘ভুলভুলাইয়া’র মতো একাধিক ছবি। এবারেও যে তার ব্যতিক্রম হবে না সে কথা বলাই বাহুল্য। কমেডির মোড়কে আবারও ভৌতিক গল্পই বলবে প্রিয়দর্শনের নতুন ছবি। এই ছবির হাত ধরে পঁচিশ বছর পরে ফের একসঙ্গে পর্দাভাগ করবেন তব্বু ও অক্ষয়। তবে বাঙালি দর্শকের যা সবথেকে বড় প্রাপ্তি হতে চলেছে এই ছবি থেকে তা হল নতুনভাবে ‘ভূত বাংলো’তে যিশু সেনগুপ্ত। এই ছবিতে যিশুর চরিত্র ফের নতুন কিছু দর্শককে উপহার দেবে বলেই প্রত্যাশা বাড়ছে সকলের।