‘আলফা’র রিলিজ পিছোলেন আলিয়া ভাট

যশরাজ ফিল্মসের তরফে ‘আলফা’ রিলিজের নতুন দিনক্ষণ প্রকাশ্যে আনলেন আলিয়া। কানাঘুষো, একদিকে রণবীর সিংয়ের ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ নিয়ে দর্শকমহলের তুমুল উন্মাদনা, অন্যদিকে এপ্রিলে সলমন খানের ‘ব্যাটেল অফ গালওয়ান’ রিলিজের কথা। সবমিলিয়ে দুই হাইভোল্টেজ সিনেমার সঙ্গে বক্স অফিস যুদ্ধ এড়াতে বড় সিদ্ধান্ত যশরাজ ফিল্মস-এর। সোমবার ‘আলফা’র নতুন পোস্টার প্রকাশ্যে নিয়ে এসে প্রেক্ষাগৃহে গোয়েন্দা অবতারে অবতরণের দিনক্ষণ জানিয়েছেন আলিয়া ভাট। ছবির নামের মতোই ক্ষুরধার লুকে ধরা দিলেন অভিনেত্রী। যদিও পোস্টারে নায়িকার পুরো লুক প্রকাশ্যে আনা হয়নি, তবে ছবির নামের আড়ালে যেরকম রক্তাক্ত, প্রতিশোধস্পৃহ স্থিরদৃষ্টিতে ধরা দিলেন আলিয়া, তাতে ইতিমধ্যেই ছবির পয়লা ঝলকের জন্য মুখিয়ে রয়েছে দর্শকমহল। প্রথমটায় পঁচিশ সালের বড়দিনে মুক্তি পাওয়ার কথা শোনা গিয়েছিল। তবে তা পিছিয়ে ছাব্বিশ সালের এপ্রিল মাসে করা হয়। কিন্তু গত ডিসেম্বরেই সলমনের ‘ব্যাটেল অফ গালওয়ান’ -এর ঝলক প্রকাশ্যে আসার পর ফের মুক্তি পিছনো হয়। এবার প্রযোজনা সংস্থার তরফে জানানো হল, আগামী ১০ জুলাই রিলিজ করবে আলিয়া ভাট, শর্বরী ওয়াঘ এবং ববি দেওল, অনিল কাপুর অভিনীত গোয়েন্দা ছবি ‘আলফা’।