ট্রোলারদের সপাট জবাব অরিজিৎ-এর

গত মাসে আচমকাই সকলকে চমকে দিয়ে প্লেব্যাক থেকে অবসর নেওয়ার ঘোষণা করেন অরিজিৎ সিং। গায়কের এই সিদ্ধান্তে এক দিকে যেমন মর্মাহত হয়েছে তাঁর ভক্তকুল, অন্যদিকে নেটপাড়ায় চলেছে চূড়ান্ত ট্রোলিং। এবার এই নিয়ে মুখ খুললেন অরিজিৎ। মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্টের মাধ্যমে ট্রোলারদের সপাট জবাব দেন অরিজিৎ। একইসঙ্গে নিজের ভক্তদেরও শান্ত থাকতে বলেন তিনি। এদিনের পোস্টে গায়ক লেখেন, “আমার প্রত্যেক শ্রোতার উদ্দেশ্যে আমার এই পোস্ট। যদি আপনি আমার শ্রোতা না হন তাহলে আমার এই পোস্ট দেখার আপনার প্রয়োজন নেই। আমার শ্রোতা-অনুরাগীদের আমি শুধু এটুকুই বলতে চাই আমি তোমাদের অসম্ভব ভালোবাসি। এই নিষ্ঠুর পৃথিবীতে তোমাদের এত ভালোবাসা পেয়ে আমি আপ্লুত। তোমাদের কাছে আমি কৃতজ্ঞ। আমি এটুকুই বলতে চাই, আমি প্লেব্যাককে বিদায় জানিয়েছি। একইসঙ্গে আমি এটাও জানিয়েছি যে, আমি আমার বাকি থাকা কাজগুলি সম্পূর্ণ করব। যে গুলির প্রতি আমি প্রতিজ্ঞাবদ্ধ। আমি নতুন প্রোজেক্ট নেওয়া বন্ধ করেছি আগেই। কিন্তু সেই গানের তালিকাও যে খুব ছোট নয় তা তোমরা জানো। তাই যারা আমাকে নানা কটাক্ষবাণে বিদ্ধ করছে তাঁদের বলতে দাও। তাঁদের কোনও ব্যাখ্যা তমরা দিতে যেও না। অহেতুক ব্যাখ্যার কোনও প্রয়োজন নেই। আমার হাতে এখনও যে পরিমাণ প্লেব্যাকের প্রোজেক্ট রয়েছে তা শেষ করতে এই বছরের শেষ বা আগামী বছরও হয়ে যেতে পারে। শান্ত থাক। আর এই চর্চার মধ্যে নিজেকে যুক্ত করে ভুল পথে যেও না।’