টলিপাড়ার বাতাসে ভাসছে আরিয়ান ভৌমিক এবং রিখিয়ার প্রমের গুঞ্জন। সেই গুঞ্জনকে আরও খানিক উসকে দিলেন নায়ক নিজেই। আরিয়ানের এখনও অবধি শেষ ধারাবাহিক ‘ভিডিও বউমা’র সহ-অভিনেত্রীর সঙ্গে নতুন পোস্টেই জল্পনা দানা বাঁধছে। ভরা শিবরাত্রিতে সহ-অভিনেত্রী রিখিয়ার সঙ্গে একগুচ্ছ ছবি সোশাল মিডিয়ায় ভাগ করে নেন আরিয়ান। ওই পোস্টের কোনও ছবিতে তাঁদের দেখা যাচ্ছে আদরের পোষ্যদের নিয়ে হাসিমুখে ক্যামেরার দিকে তাকাতে। তো কখনও আবার দেখা যাচ্ছে দু’জনকে একসঙ্গে পুজো দিতে। এমনকী আরিয়ানের কপালে তিলক এঁকে দিতেও দেখা যায় রিখিয়াকে। যা কোনওভাবেই নজর এড়ায়নি নেটপাড়ার। ওই পোস্টের ক্যাপশনে আরিয়ান লিখেছেন, ‘আমি থেকে আমরা।’। ইঙ্গিতপূর্ণ ছবি থেকে ক্যাপশনের মাধ্যমেই কি প্রেমের গুঞ্জনে সিলমোহর দিলেন আরিয়ান!