স্কুলছাত্রীদের নিয়ে অশ্লীল ইঙ্গিতপূর্ণ গান! বাদশার বিরুদ্ধে দায়ের অভিযোগ, তলব মহিলা কমিশনের

গানের কথা থেকে দৃশ্যায়ন, একাধিকবার নিজের সৃষ্টির কারণে সমালোচনায় জড়িয়েছেন খ্যাতনামা ব়্যাপার বাদশা। এবার ফের শিল্পীর গান নিয়ে উঠল আপত্তি। অভিযোগ, সদ্য মুক্তিপ্রাপ্ত ‘টাটিরি’ গানের দৃশ্যায়ণে নারীদের আপত্তিকরভাবে তুলে ধরা হয়েছে। আপত্তি উঠেছে গানের কথা নিয়েও। যার জেরে বাদশাকে তলব করেছে হরিয়ানা মহিলা কমিশন। কমিশনের দাবি, গানের কথাগুলো কেবল অশালীনই নয়, বরং তা সাংস্কৃতিক মূল্যবোধ এবং নারীদের মর্যাদাহানি করেছে। ব়্যাপারের বিরুদ্ধে দায়ের হয়েছে অভিযোগও। ১ মার্চ ‘টাটিরি’ গানটি নিজের সোশাল মিডিয়ায় আনুষ্ঠানিকভাবে রিলিজ করেন বাদশা। যদিও প্রথমটায় এই হরিয়ানভি গান শুনে অনুরাগীরা উল্লাস প্রকাশ করেছিলেন, তবে দু দিন কাটতে না কাটতেই নিন্দার ঝড় ওঠে নেটপাড়ায়। গানের কথা ও দৃশ্যে নারীদের ‘ভোগ্যপণ্য’ হিসেবে তুলে ধরার অভিযোগ তুলে রে-রে করে উঠেছে শ্রোতামহল। ওই মিউজিক ভিডিওর গোড়াতেই দেখা যায়, কাঁধের ব্যাগ নামিয়ে স্কুলছাত্রীরা নাচতে শুরু করেছে। তার সঙ্গে অশ্লীল অঙ্গভঙ্গি এবং নেপথ্যে গানের চটুল কথা। আর এহেন যৌন ইঙ্গিতমূলক গানে আপত্তি তুলে হরিয়ানা মহিলা কমিশন বাদশার বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হয়েছে। বাদশার আসল নাম অর্থাৎ ‘আদিত্য প্রতীক সিং সিসোদিয়া’র নামে লিখিত অভিযোগ জারি করা হয়েছে। পানিপতের পুলিশ সুপারকে এই মর্মে একটি সরকারি নির্দেশিকা পাঠানো হয়েছে। সেখানে বলা হয়েছে, আগামী ১৩ মার্চ পানিপতে ডিসি অফিসের কনফারেন্স হলে শুনানির সময় বাদশার উপস্থিতি নিশ্চিত করতে হবে। মহিলা কমিশনের চেয়ারপার্সন রেনু ভাটিয়ার উপস্থিতিতে এই শুনানি চলবে। পানিপতের ‘নারী তু নারায়ণী উত্থান সমিতি’-র সভাপতি সবিতা আর্য এবং ‘শিব আরতি ইন্ডিয়া ফাউন্ডেশন’-এর পরিচালক শিব কুমার এই অভিযোগ দায়ের করেছেন। তাঁদের অভিযোগ,গানে অত্যন্ত নিম্নমানের এবং আপত্তিকর শব্দ ব্যবহার করা হয়েছে। লিরিক্সে নারী ও নাবালকদের হীনভাবে উপস্থাপন বা অবজেক্টিফাই করা হয়েছে। চেয়ারপার্সন রেনু ভাটিয়া এই ঘটনায় ক্ষোভ উগরে দিয়ে সেন্সর বোর্ডের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন।  তিনি বলেন, “আমি নিজে তিন বছর ফিল্ম সেন্সর বোর্ডের সদস্য ছিলাম। আমার মাথায় আসছে না, এই ধরণের অশ্লীল শব্দ থাকা সত্ত্বেও একটি গান কীভাবে ছাড়পত্র পায়?” আপাতত আগামী ১৩ মার্চের শুনানির দিকেই তাকিয়ে সবাই। অন্যদিকে, হরিয়ানার পঞ্চকুলার সেক্টর ২০’র সাইবার ক্রাইম শাখায় বাদশার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন অভয় চৌধুরী নামে জনৈক ব্যক্তি। তাঁর দাবি, এই গানটিতে নারীদের অশ্লীল এবং অসম্মানজনকভাবে তুলে ধরা হয়েছে। স্কুলের পোশাকে পড়ুয়াদের এমন নাচ, অঙ্গভঙ্গি দেখলে বর্তমান প্রজন্মের কাছে ভুল বার্তা যাবে। আর সেই প্রেক্ষিতেই ব়্যাপার বাদশার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে হরিয়ানায়। যার শুনানি আগামী ১৬ মার্চ। শুধু তাই নয়, চলতি বিতর্কের আবহে ইউটিউব থেকেও সরিয়ে দেওয়া হয়েছে ‘টাটিরি’ গানটি।