প্রকাশ্যে এল ‘এই শহরের গান’-এর টিজার-পোস্টার

প্রকাশ্যে এল প্রার্জুন মজুমদার পরিচালিত বাংলা ছবি ‘এই শহরের গান’-এর টিজার-পোস্টার । ইতিমধ্যেই ছবির প্রথম ভাগের শ্যুটিং শেষ । কলকাতা শহরের নানা জায়গা জুড়ে শ্যুটিং হয়েছে । ‘এই শহরের গান’ ছবির প্রধান চরিত্রে দেখা যাবে অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়, প্রিয়াঙ্কা সরকার, অনির্বাণ চক্রবর্তী, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, অঙ্গনা রায়, মনপ্রীত রোহতাশ নিব্বিওয়ালকে । ছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন প্রান্তিক বন্দ্যোপাধ্যায়, জিনিয়া পাণ্ডে, ঋত্বিকা বন্দ্যোপাধ্যায় প্রমুখ । ছবিতে সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে দেখানো হবে কলকাতা শহরটিকে । ছবিতে অনিকেতের চরিত্রে অভিনয় করছেন পরমব্রত চট্টোপাধ্যায়, সৃজনীর চরিত্রে অভিনয় করছেন প্রিয়াঙ্কা সরকার এবং শান্তনুর চরিত্রে দেখা যাবে অনির্বাণ চক্রবর্তীকে । অন্যদিকে অনামিকা চরিত্রে কনীনিকা ও তৃষার চরিত্রে অঙ্গনা রায়কে ও রাহুলের চরিত্রে দেখা যাবে মানপ্রিত রোহতাশ নিব্বিওয়ালকে । সম্পর্কের গল্পের নতুন সমীকরণের ছবি ‘এই শহরের গান’ । তিনজোড়া দম্পতি জীবনের তিনটি ভিন্ন পর্যায়ে দাঁড়িয়ে-নিজ নিজ সম্পর্কের নানা সমস্যা ও দ্বন্দ্বের সঙ্গে লড়াই করে । তারা একে অপরের সঙ্গে সরাসরি যুক্ত নয়, একে অপরকে চেনেও না; তবুও এক অদৃশ্য আন্তরিক যোগসূত্রে তারা পরস্পরের সঙ্গে যুক্ত । আর সেই যোগসূত্রের কেন্দ্রে আছে একটি শহর, যা নীরবে তাদের সকলকে এক সুতোয় বেঁধে রাখে । চলতি মাসেই ছবির দ্বিতীয়ভাগের শুটিং শুরু হবে বলে শোনা যাচ্ছে।