রানা সরকারের ‘গুনগুন করে মহুয়া’র শুটিং চলাকালীন সেটে তাণ্ডব চালায় কয়েকজন। অভিযোগের তির লাইট কেয়ারটেকারদের দিকে। সূত্রের খবর, দেনাপাওনা নিয়েই বচসার সূত্রপাত। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় ক্ষুব্ধ প্রযোজক সোশাল মিডিয়ায় ক্ষোভ উগরে দেন। তারপরই আসরে নামেন ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস। তিনি সাফ জানিয়েছেন, এহেন ঘটনা অনভিপ্রেত। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বলে রাখা ভালো, মহুয়া রায়চৌধুরীর বায়োপিক হচ্ছে ‘গুনগুন করে মহুয়া’। প্রযোজনায় রানা সরকার। এদিন হামলার পরই সমাজমাধ্যমে একটি পোস্ট করেন রানা। ক্ষোভ উগরে লেখেন, ‘এরা লাইট কেয়ারটেকার। এদের সঙ্গে আমাদের না আছে কোনও সম্পর্ক না আছে কোনও বিরোধ। এদের সাহস কত শুটিং লোকেশনে এসে আমাদের কর্মীকে মারধর করেছে। আমরা পুলিশের কাছে অভিযোগ জানিয়েছি। এরাও ফেডারেশন সদস্য, এদের শাস্তি চাই। শুটিংয়ে এসে অশান্তি তৈরী করার পেছনে কার হাত আছে সেটাও বুঝতে পারছি। কিন্তু ফেডারেশনের দায়িত্ব এই সব গুন্ডাগিরি বন্ধ করা।’