দোলের আগেই রঙিন হলেন দেব-রুক্মিণী

উত্তরবঙ্গে দোলের আগের দিন রঙে রঙে রঙিন হলেন দেব-রুক্মিণী। উত্তরবঙ্গে টানা ১৫ দিন ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র শুটিংয়ে ব্যস্ত দেব। গত ১৩ ফেব্রুয়ারি কলকাতায় ছবির মহরৎ সারার পর ১৫ ফেব্রুয়ারি থেকে উত্তরবঙ্গে শুরু হয়েছিল শুটিং। এই ছবির সুবাদেই পদ্মশ্রী প্রাপ্ত করিমুল হকের জীবনী ফুটে উঠবে পর্দায়। একথা কারও অজানা নয়। উত্তরবঙ্গে ১৫ দিন পর শেষ হল ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র শুটিং। ঠিক দোলের আগের দিন শেষ হয়েছে শুটিং। আর তাই রঙ খেলা মাস্ট। উত্তরবঙ্গের ডুয়ার্স-সহ মালবাজার, চালসা, মেটেলির মতো জায়গায় হয়েছে শুটিং। ছবিতে দেব ছাড়াও রয়েছেন রুক্মিণী মৈত্র-সহ শুভাশিস মুখোপাধ্যায় প্রমুখ। শুটিং শেষে টিমের সকলের সঙ্গে প্রাক-দোল উৎসবে মাতেন সুপারস্টার দেব। নিজের সোশাল মিডিয়ায় তারই একগুচ্ছ ছবি ভাগ করে নিয়েছেন। উত্তরবঙ্গে শেষ দিনে শুটিংয়ের ছবি ভাগ করে নিয়ে ক্যাপশনে দেব লিখেছেন, ‘নর্থ বেঙ্গলের শুটিং শেষ, হ্যাপি হোলি’ সঙ্গে হ্যাশট্যাগে জুড়েছেন সংক্ষেপে ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’ ছবির নাম। এদিন ছবির শুটিং শেষে রঙ খেলা সেরে একসঙ্গে ছবি তোলে ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’ টিম। তবে যা সবথেকে বেশি নজর কেড়েছে তা হল মনের মানুষ রুক্মিণীর সঙ্গে তাঁর রঙ বিনিময়ের ছবি। দেবের গালে গোলাপি আবির মাখিয়ে দিয়েছেন রুক্মিণী। শুধু তাই নয়, দু’জনে একসঙ্গে গোলাপি মুখের সেলফিও তুলেছেন। সেই ছবি আচমকা দেখলে দেব-রুক্মিণীকে চেনা দায়। রুক্মিণী পরেছেন সাদা লুজ ফিট শার্ট, দেব পরেছেন উজ্জ্বল হলুদ রঙের টি-শার্ট।