মুক্তি পেতে চলেছে আমির খানের প্রযোজনায় ‘একদিন’। এই ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে আমিরপুত্র জুনেইদ খানকে। তার বিপরীতে রয়েছেন সাঁই পল্লবী। এই ছবির হাত ধরেই বলিউডে অভিষেক ঘটছে অভিনেত্রীর। এই ছবির গান তৈরির জন্যই কিছু দিন আগে এ রাজ্যে জিয়াগঞ্জে অরিজিৎ সিংয়ের দরবারে এসেছিলেন খোদ আমির। ত্রেলারে সেই গানের কিছুটা ঝলকও শোনা গেল। ছবির আদ্যপ্রান্ত জুড়ে শুধুই রয়েছে একতরফা ভালোবাসার একটা গল্প। সাঁই পল্লবীকে অভিনয় করতে দেখা যাবে ‘মীরা’ নামক একটি মেয়ের চরিত্রে, যার প্রেমে হাবুডুবু খাচ্ছে জুনায়েদ ওরফে ‘রোহন’। কিন্তু এই ভালোবাসা রোহন কখনই প্রকাশ্যে আনে না, সারা জীবন থেকে যায় অন্তরালে। অন্যদিকে মীরা রোহনকে শুধুই বন্ধু হিসেবে দেখে, কখনওই তার ভালোবাসা অনুভব করতে পারে না সে। অন্যদিকে মীরাকে শুধু মনে মনে ভালোবেসেই সারাজীবন কাটিয়ে দেওয়ার প্রতিজ্ঞা করে রোহন। বন্ধুদের কাছে মীরার প্রতি ভালোবাসার কথা বলে রোহন একাই আনন্দের সাগরে ভাসে। যদি একদিন মীরা আমার হত! এই ভেবেই কেটে যায় রোহনের দিন। মীরার সঙ্গে কাটানো মুহূর্তগুলোতে যেন বাঁচে সে। কিন্তু সেই সুখও কপালে বেশিদিন স্থায়ী হয় না। রোহন যা ভাবছে যা চাইছে তা মিথ্যা, এর কোনও ভিত্তি নেই তা প্রমাণ করতেই মেজাজ হারিয়ে তার গালে চড় কষায় মীরা। ভেঙে পড়ে রোহন। এরপর গল্প কোন্দিকে মোড় নেয় তা জানা যাবে আগামী ১ মে। এই ছবির বেশিরভাগ অংশের শুটিং হয়েছে জাপানে। যা দৃষ্টিনন্দনেও এক বিশেষ ভূমিকা পালন করে তা বলাই বাহুল্য।