বলিউডের জনপ্রিয় পরিচালক ও প্রযোজক রোহিত শেট্টির জুহুর বাসভবনের বাইরে পরপর পাঁচ রাউন্ড গুলি চলার খবরে মুহূর্তের মধ্যেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। নিরাপত্তার কড়া ঘেরাটোপে ঢাকা পড়ে তাঁর আবাসন, আর শুরু হয় জোরদার পুলিশি তদন্ত। পুলিশ সূত্রে খবর, রাত আনুমানিক ১২টা ৪০ মিনিট থেকে ১টার মধ্যে পরপর পাঁচ রাউন্ড গুলি ছোড়া হয়। সৌভাগ্যবশত এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই। গুলির শব্দ শোনা মাত্রই জুহু থানার পুলিশ ও মুম্বই ক্রাইম ব্রাঞ্চের একাধিক দল ঘটনাস্থলে পৌঁছয়। এলাকা ঘিরে ফেলে তদন্ত শুরু করা হয়। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, এই ঘটনায় একজনই জড়িত থাকতে পারে। ঘটনাস্থলের আশপাশে থাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ জানতে পারে, অভিযুক্ত ব্যক্তি এলাকায় কিছুক্ষণ দাঁড়িয়ে ধূমপান করছিল। তবে এখনও পর্যন্ত হামলার উদ্দেশ্য স্পষ্ট নয় বলে জানিয়েছে পুলিশ। ঘটনার পরপরই রোহিত শেট্টির জুহুর আবাসনের বাইরে কড়া নিরাপত্তা ব্যবস্থা জারি করা হয়। ভবনের চারপাশে ভারী পুলিশ মোতায়েন করা হয় এবং ফরেনসিক বিশেষজ্ঞদের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রমাণ সংগ্রহের কাজ শুরু করেছে। অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (BNS) এবং অস্ত্র আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। এই ঘটনার গুরুত্ব বিবেচনা করে মুম্বই পুলিশের উচ্চপর্যায়ের একটি বৈঠকও ডাকা হয়েছে।